Corporate Sangbad
জাতীয়

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ড. ওসমান ফারুক

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ন ·

শারীরিক অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক। তিনি কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ছিলেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে সংসদ সচিবালয়ের একটি সূত্রে জানা গেছে।

গত রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। এতে ১৪ নভেম্বর থেকে পদত্যাগ কার্যকর করার কথা উল্লেখ করেন ওসমান ফারুক।

পদত্যাগপত্রে তিনি বলেন, ‘আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী, কিশোরগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য পদ থেকে আগামী ১৪ নভেম্বর ২০২৬ তারিখে কার্যকরভাবে পদত্যাগ করার সিদ্ধান্ত আপনাকে আনুষ্ঠানিকভাবে অবহিত করছি। আপনি হয়তো ইতোমধ্যেই অবগত আছেন যে, আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছি এবং বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন রয়েছি। এই পরিস্থিতিতে আমার স্বাস্থ্য ও সুস্থতা পুনরুদ্ধারের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া একান্ত প্রয়োজন হয়ে পড়েছে।’

পদত্যাগের সিদ্ধান্তকে কঠিন ও বেদনাদায়ক উল্লেখ করে তিনি আরও বলেন, ‘জাতীয় সংসদের সদস্যপদ থেকে পদত্যাগ করতে হচ্ছে বলে আমি গভীরভাবে মর্মাহত। আমি আন্তরিকভাবে আশা করি, আমার এই সিদ্ধান্তে আপনি, জাতীয় সংসদে আমার সম্মানিত সহকর্মীবৃন্দ এবং আমার প্রিয় কিশোরগঞ্জবাসী হতাশ হবেন না। কিশোরগঞ্জের জনগণের প্রতিনিধিত্ব করা এবং তাদের সেবা করার সুযোগ পাওয়া আমার জীবনের এক বিরাট সম্মান ও গৌরবের বিষয়।’

এদিকে, মঙ্গলবার( ১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে ওসমান ফারুকের পদত্যাগের বিষয়টি সংসদকে জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

স্পিকার বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনী এলাকা ১৬৪, কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর থেকে কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে স্পিকার বরাবর স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রটি আমি ১৫ নভেম্বর পেয়েছি। পদত্যাগপত্রটি বিধিসম্মত হওয়ায় আমি তা গ্রহণ করেছি।’

চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক। সেখান থেকেই তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনেও ভোট দিতে পারেননি তিনি। ওই সময় যুক্তরাষ্ট্রে অবস্থানের বিষয়টি জানিয়ে সংসদ সচিবালয়ে চিঠি দিয়েছিলেন।

ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ওসমান ফারুক। বিএনপি সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি।

১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ওসমান ফারুক। তিনি ১৯৫৬ সালে সেন্ট গ্রেগরীজ স্কুল থেকে মেট্রিকুলেশন এবং ১৯৫৮ সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬১ সালে অর্থনীতি বিষয়ে স্নাতক (সম্মান) এবং ১৯৬২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে ১৯৬৩ সালে তিনি মার্কিন সরকারের অধীন বেসামরিক বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা ইউএসএইড ফেলোশিপ প্রোগ্রামে অংশ নেন। ১৯৬৪ সালে টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে এমএস ডিগ্রি অর্জন করেন। ১৯৭০ সালে কর্নেল ইউনিভার্সিটি থেকে কৃষি অর্থনীতি বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।