Corporate Sangbad
জাতীয়

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ১২:১৫ অপরাহ্ন ·

গোপালগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। মোতায়েনকৃত বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চলছে নজরদারি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে  বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ  তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

এর আগে, গত রোববার গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়। এই জেলায় নতুন জেলা প্রশাসক হিসেবে হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে দায়িত্ব দিয়েছে সরকার।

এছাড়া গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকেও বদলি করা হয়েছে। তাকে ফেনীর এসপি হিসেবে বদলি করা হয়েছে। আর ফেনীর বর্তমান এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি করা হয়েছে।

একইসঙ্গে জেলার তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তারা হলেন টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ ও কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান। তাদের কিশোরগঞ্জ জেলায় বদলি করা হয়েছে।