Corporate Sangbad
জাতীয়

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন ·

ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর গুলশান বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে এসআরবি।

জানা গেছে, গ্রেফতারের পর সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, সাঈদ খোকনকে তাদের কাছে হস্তান্তর করেছে এসআরবি। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাসহ অনেকগুলো মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে, দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে।

সাবেক সংসদ সদস্য সাঈদ খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সবশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর সাঈদ খোকন, তার বোন শাহানা হানিফ ও একজন কর্মচারীর বিরুদ্ধে ৫৪ কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলার অনুমোদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

উল্লেখ্য, ঢাকা সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচিত হন। পরের দফায় মেয়র নির্বাচনে দলের মনোনয়ন পাননি। দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৩ ডিসেম্বর সাঈদ খোকন ও তার পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত।