‘প্রমোটিং গভর্নিং এক্সিলেন্স’ প্রতিপাদ্যকে সামনে রেখে কর্পোরেট গভর্নেন্সে স্বচ্ছতা, সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার স্বীকৃতি হিসেবে ৪৪টি প্রতিষ্ঠানকে কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড দিল ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)।
শনিবার (১২ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক জমকালো অনুষ্ঠান ‘১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স, ২০২৫’ সম্মাননা দেওয়া হয়।
এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ছিলো— ‘প্রমোটিং গভর্নিং এক্সিলেন্স’ (Promoting Governing Excellence)।
আইসিএসবির নির্ধারিত মান অনুযায়ী ২০২৫ সালে করপোরেট গভর্ন্যান্স, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় কোম্পানিগুলোর প্রচেষ্টা এবং বিএসইসির করপোরেট গভর্ন্যান্স কোডের সঙ্গে সংগতিপূর্ণভাবে প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনার ভিত্তিতে এ পুরস্কার দেওয়া হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্য থেকে ১৪টি ক্যাটেগরিতে বিজয়ী ৪৪টি কোম্পানিকে ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়। গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ– তিন ক্যাটেগরিতে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান এফসিএ, এফসিএমএ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মিজ মীর নাদিয়া নিভিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন আইসিএসবির প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান এফসিএস। এছাড়াও পুরস্কার প্রদান প্রক্রিয়া ও করপোরেট গভর্ন্যান্স চার্টার সারসংক্ষেপ তুলে ধরেন আইসিএসবির করপোরেট গভর্ন্যান্স কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এফসিএস।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, করপোরেট গভর্ন্যান্স এখন আর কেবল আইনগত বাধ্যবাধকতা কিংবা বিধিবিধান প্রতিপালনের বিষয় নয়; বরং এটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব, বিনিয়োগকারীদের আস্থা এবং দায়িত্বশীল ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলার অন্যতম প্রধান শর্ত। সুশাসন ও জবাবদিহি ছাড়া কেবল আর্থিক সাফল্য কোনো প্রতিষ্ঠানের টেকসই অগ্রগতি নিশ্চিত করতে পারে না।
বাণিজ্যমন্ত্রী বলেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবসায়িক পরিবেশে কোনো প্রতিষ্ঠানের সাফল্য শুধু মুনাফা বা আর্থিক প্রবৃদ্ধি দিয়ে মূল্যায়ন করা যায় না। স্বচ্ছতা, জবাবদিহি, নৈতিক নেতৃত্ব ও দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণও সমান গুরুত্বপূর্ণ। কার্যকর করপোরেট সুশাসন শেয়ারহোল্ডার, পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক, পাওনাদার, নিয়ন্ত্রক সংস্থা এবং অন্যান্য অংশীজনের স্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রেখে প্রতিষ্ঠান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, সুশাসনের চর্চা কেবল বেসরকারি প্রতিষ্ঠানে সীমাবদ্ধ রাখলে চলবে না। সরকারি প্রতিষ্ঠান ও সেবা ব্যবস্থায়ও এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। সরকারি-বেসরকারি উভয় খাতে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠিত হলে জনগণের আস্থা বাড়বে এবং বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আসবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, একসময় ব্যাংক পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করতে পরিচালনা পর্ষদের সদস্যসংখ্যা সীমিত করা এবং একই পরিবারের সদস্যদের প্রতিনিধিত্ব নিয়ন্ত্রণের মতো পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে এসব নীতির পরিবর্তন ও শিথিলতার ফলে ব্যাংক খাতে সুশাসনের দুর্বলতা তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে বেশ কিছু ব্যাংকের আর্থিক স্থিতিশীলতার ওপর।
ব্যাংকিং খাতে গ্রাহক সুরক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আর্থিক প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের অর্থ ও আস্থার ওপর নির্ভর করে পরিচালিত হলেও তাদের অধিকার ও স্বার্থ সুরক্ষায় কার্যকর ও স্বতন্ত্র ন্যায়পাল ব্যবস্থার ঘাটতি রয়েছে।
গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তি, ন্যায়সংগত প্রতিকার এবং আর্থিক প্রতিষ্ঠানের প্রতি আস্থা বজায় রাখতে করপোরেট সুশাসন ও কার্যকর তদারকি জোরদার করা জরুরি।
বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে প্রশাসনিক জটিলতাকে অন্যতম প্রতিবন্ধকতা হিসেবে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসা শুরু ও পরিচালনার বিভিন্ন পর্যায়ে লাইসেন্স, অনুমোদন ও ছাড়পত্র গ্রহণের দীর্ঘসূত্রতা এবং একাধিক প্রতিষ্ঠানের কার্যক্রমে সমন্বয়হীনতা বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করছে।
অনেক বিনিয়োগকারী সম্ভাবনা দেখে বাংলাদেশে এলেও এসব জটিলতার কারণে অল্প সময়ের মধ্যেই আগ্রহ হারিয়ে ফেলেন।
এ পরিস্থিতি উত্তরণে সরকারি সেবা সহজীকরণ, প্রশাসনিক কার্যক্রমের ডিজিটাল রূপান্তর এবং সেবাগ্রহীতার সঙ্গে সরাসরি যোগাযোগের প্রয়োজনীয়তা কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ সেবা ব্যবস্থা গড়ে তোলা গেলে অনিয়মের সুযোগ কমবে এবং ব্যবসা পরিচালনা আরও সহজ হবে বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।
অনুষ্ঠানে আইসিএসবির উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, করপোরেট সুশাসনে উৎকর্ষ অর্জনকারী প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা প্রদানের এ আয়োজন দেশে সততা, পেশাদারিত্ব ও জবাবদিহির সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ সম্মাননা শুধু প্রাতিষ্ঠানিক সাফল্যের স্বীকৃতি নয়; বরং নৈতিক নেতৃত্ব, দায়িত্বশীল ব্যবস্থাপনা ও সুশাসনের প্রতি অঙ্গীকারের স্বীকৃতি।
সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে অভিনন্দন জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, তাদের অর্জন অন্য প্রতিষ্ঠানগুলোকেও সুশাসনের সর্বোত্তম চর্চা অনুসরণে উৎসাহিত করবে।
আইসিএসবির ১৬ বছরের কার্যক্রমের প্রশংসা করে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে করপোরেট সুশাসন ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কোম্পানি আইনে আইসিএসবির প্রাতিষ্ঠানিক অবস্থান আরও সুসংহত করার বিষয়ে সংগঠনটির উত্থাপিত দাবি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে।
করপোরেট খাতে সুশাসনের সংস্কৃতি বিস্তারে বাণিজ্য মন্ত্রণালয় ও আইসিএসবি ভবিষ্যতেও সমন্বিতভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী জোর দিয়ে বলেন যে, কর্পোরেট সুশাসন কেবল আইনি বাধ্যবাধকতা পালনের বিষয় নয়, বরং এটি একটি প্রতিষ্ঠানের মূল্যবোধ, নেতৃত্ব এবং দায়িত্বশীল ব্যবসায়িক চর্চার প্রতিশ্রুতির প্রতিফলন ঘটায়। তিনি বাংলাদেশে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় আইসিএসবির ভূমিকার প্রশংসা করেন।
বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরী সুশাসন প্রসারে এবং কোম্পানিগুলোকে কর্পোরেট গভর্ন্যান্সের মানদণ্ড বজায় রাখতে উৎসাহিত করার জন্য আইসিএসবির উদ্যোগের প্রশংসা করেন। টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সুশাসন অত্যন্ত জরুরি বলেও তিনি উল্লেখ করেন।
বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান, এফসিএ, এফসিএমএ উল্লেখ করেন যে, ব্যবসায়িক পরিচালনার জন্য সুশাসন অপরিহার্য। স্টেকহোল্ডারদের অধিকার সুরক্ষিত রাখতে তিনি পরিচালনা পর্ষদের ভারসাম্যপূর্ণ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আইসিএসবিকে কর্পোরেট সুশাসনের প্রকৃত অভিভাবক হিসেবে অভিহিত করে বলেন, কর্পোরেট খাতে এই মানদণ্ডগুলোর চর্চা নিশ্চিত করতে তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।
এর আগে স্বাগত বক্তব্যে আইসিএসবির প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান, এফসিএস দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য অপরিহার্য সুষ্ঠু কর্পোরেট সুশাসন নিশ্চিত করতে সম্মিলিত প্রতিশ্রুতির আহ্বান জানান।
আইসিএসবির কর্পোরেট গভর্ন্যান্স কমিটির চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মামুন, এফসিএস পুরস্কারের জন্য কোম্পানি নির্বাচনের মূল্যায়ন প্রক্রিয়া তুলে ধরেন। অনুষ্ঠান শেষে আইসিএসবির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. রফিকুল ইসলাম এফসিএস প্রতিষ্ঠানের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এছাড়াও অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, নিয়ন্ত্রক সংস্থার প্রধান, বিশিষ্ট শিক্ষাবিদ, দেশের শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক, আইসিএসবির কাউন্সিল সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স সম্মাননা পেয়েছেন যারা-
সাধারণ ব্যাংকিং কোম্পানি (General Banking Companies):
ব্র্যাক ব্যাংক পিএলসি এবং ইস্টার্ন ব্যাংক পিএলসি যৌথভাবে গোল্ড ট্রফি অর্জন করেছে। সিটি ব্যাংক পিএলসি সিলভার এবং পূবালী ব্যাংক পিএলসি ব্রোঞ্জ ট্রফি লাভ করেছে।
ইসলামী ব্যাংকিং কোম্পানি (Islami Banking Companies): শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে।
ফাইন্যান্স কোম্পানি (Finance Companies): আইডিএলসি ফাইন্যান্স পিএলসি গোল্ড অ্যাওয়ার্ড জিতেছে। ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সিলভার এবং আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে।
সাধারণ বিমা কোম্পানি (General Insurance Companies): সিটি ইন্স্যুরেন্স পিএলসি এবং সেনা ইন্স্যুরেন্স পিএলসি যৌথভাবে গোল্ড ট্রফি জিতেছে। নিটোল ইন্স্যুরেন্স পিএলসি সিলভার এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসি ব্রোঞ্জ ট্রফি অর্জন করেছে।
জীবন বিমা কোম্পানি (Life Insurance Companies): মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি গোল্ড ট্রফি জিতেছে। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি সিলভার এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ব্রোঞ্জ ট্রফি লাভ করেছে।
ওষুধ ও রসায়ন কোম্পানি (Pharmaceuticals and Chemicals Companies): দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি শীর্ষ সম্মাননা (গোল্ড) অর্জন করেছে। রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি সিলভার এবং দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড ব্রোঞ্জ ট্রফি পেয়েছে।
বস্ত্র ও তৈরি পোশাক কোম্পানি (Textiles and RMG Companies): প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি গোল্ড ট্রফি জিতেছে। এনভয় টেক্সটাইলস লিমিটেড ও মতিন স্পিনিং মিলস পিএলসি যৌথভাবে সিলভার এবং শাশা ডেনিমস পিএলসি ব্রোঞ্জ ট্রফি অর্জন করেছে।
খাদ্য ও আনুষঙ্গিক কোম্পানি (Food and Allied Companies): ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড গোল্ড, এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (প্রাণ) সিলভার এবং গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ব্রোঞ্জ পদক জিতেছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কোম্পানি (Information and Communication Technology Companies): আইটি কনসালট্যান্টস পিএলসি গোল্ড ট্রফি অর্জন করেছে। বিডিকম অনলাইন লিমিটেড সিলভার এবং এডিএন টেলিকম লিমিটেড ব্রোঞ্জ ট্রফি লাভ করেছে।
প্রকৌশল কোম্পানি (Engineering Companies): ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি গোল্ড ট্রফি জিতেছে। বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম) সিলভার এবং রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল) ব্রোঞ্জ ট্রফি পেয়েছে।
উৎপাদনকারী কোম্পানি (Manufacturing Companies): হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি গোল্ড এবং আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড সিলভার ট্রফি অর্জন করেছে। বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড এবং ক্রাউন সিমেন্ট পিএলসি যৌথভাবে ব্রোঞ্জ ট্রফি লাভ করেছে।
জ্বালানি ও বিদ্যুৎ কোম্পানি (Fuel and Power Companies): এমজেএল বাংলাদেশ পিএলসি গোল্ড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সিলভার এবং লিন্ডে বাংলাদেশ লিমিটেড ব্রোঞ্জ ট্রফি জিতেছে।
সেবা খাতের কোম্পানি (Service Companies): ইস্টার্ন হাউজিং লিমিটেড গোল্ড ট্রফি অর্জন করেছে। ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি সিলভার এবং সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড ব্রোঞ্জ ট্রফি লাভ করেছে।
টেলিযোগাযোগ কোম্পানি (Telecommunications Companies): গ্রামীণফোন লিমিটেড গোল্ড, রবি আজিয়াটা পিএলসি সিলভার এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি ব্রোঞ্জ ট্রফি অর্জন করেছে।