Corporate Sangbad
জাতীয়

পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৬, ২:৫১ অপরাহ্ন ·

শেখ হাসিনা সাধারণ কোনো পর্যটক নন। তাকে পাসপোর্টের মাধ্যমে নয়, বন্দিবিনিময়ের চুক্তির মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

নয়াদিল্লিস্থ বাংলাদেশ দূতাবাসে আজ আবেদনের একটি চিঠির কথা উল্লেখ করে রয়টার্স বলেছে, ২০২৪ সালে দেশ ত্যাগ করার পর বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে এটিই হাসিনার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ।

সোমবার (৯ নভেম্বর) বেলা ১টার দিকে এই ঘটনার পরেপ্রেক্ষিতে নিজ মন্ত্রণালয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ল ফার্ম দিয়ে যে কেউই নোটিশ দিতে পারে, শেখ হাসিনা অপরাধের যথেষ্ট প্রমাণ আছে। বিচার হয়েছে, তাকে প্রত্যর্পণ করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, একজন পলাতক আসামিকে নতুন করে ভ্রমণ নথি দেওয়ার প্রশ্নই ওঠে না। শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি পাওয়ার আইনি উদ্যোগ হাস্যকর। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি সাধারণ কোনো যাত্রীর মতো দেখার সুযোগ নেই। শেখ হাসিনা ইতোমধ্যে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। এ ছাড়া তার বিরুদ্ধে আরও একাধিক বিচারিক কার্যক্রম চলমান রয়েছে, যেগুলোতে সর্বোচ্চ শাস্তির সম্ভাবনাও রয়েছে।

এদিকে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন বলে দাবি করেছে বার্তা সংস্থা রয়টার্স।

লন্ডনভিত্তিক ‘ম্যাট্রিক্স চেম্বার্সের’ আইনজীবীরা দিল্লির বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে লেখা চিঠিতে উল্লেখ করেছেন, ‘অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষের পক্ষ থেকে তার বর্তমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিলের খবরের পরিপ্রেক্ষিতে, আমি আমাদের মক্কেলের জন্য একটি নতুন বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সবিনয় অনুরোধ জানাচ্ছি।’

চিঠিতে বাংলাদেশি জাতীয়তার ভিত্তিতে এবং ‘আন্তর্জাতিক মানবাধিকার আইনের বাধ্যবাধকতা অনুযায়ী’ আবেদনগুলো ‘দ্রুততার সঙ্গে’ প্রক্রিয়াকরণের অনুরোধ জানানো হয়েছে।