Corporate Sangbad
জাতীয়

নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন ·

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। ভারতে স্বেচ্ছানির্বাসন শেষ করে দেশে ফিরতে এ উদ্যোগ নিয়েছেন তিনি। 

রয়টার্সের হাতে আসা ওই চিঠির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে দেশ ছাড়ার পর এটিই শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসে এ ধরনের প্রথম আবেদন।

সোমবার (৯ নভেম্বর) এ বিষয়ে নয়াদিল্লিস্থ বাংলাদেশ দূতাবাসে একটি চিঠি পাঠিয়েছেন তার আইনজীবীরা।

দূতাবাসে পাঠানো চিঠিতে বলা হয়, ২০২৪ পরবর্তী অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় তার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়ে চিঠিতে আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির আওতায় বাংলাদেশের বাধ্যবাধকতার কথাও উল্লেখ করা হয়েছে।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে দীর্ঘ শাসনের অবসান ঘটার দুই বছরেরও বেশি সময় পর ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা। সে লক্ষ্যে তার পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য আবেদনের বিষয়টিকে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

এর আগে রয়টার্সকে হাসিনা বলেছিলেন, দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন তিনি। তার সহযোগীরা এই আন্তর্জাতিক বার্তা সংস্থাকে জানিয়েছেন, সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরই ফেরার তারিখ ঘোষণা করা হবে।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে প্রাণঘাতী দমনপীড়ন চালানোর নির্দেশ দেয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে তাকে মৃত্যুদণ্ড দেয় বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল।

লন্ডনভিত্তিক ‘ম্যাট্রিক্স চেম্বার্সের’ আইনজীবীরা দিল্লির বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে লেখা চিঠিতে উল্লেখ করেছেন, ‘অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষের পক্ষ থেকে তার বর্তমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিলের খবরের পরিপ্রেক্ষিতে, আমি আমাদের মক্কেলের জন্য একটি নতুন বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সবিনয় অনুরোধ জানাচ্ছি।’

চিঠিতে বাংলাদেশি জাতীয়তার ভিত্তিতে এবং ‘আন্তর্জাতিক মানবাধিকার আইনের বাধ্যবাধকতা অনুযায়ী’ আবেদনগুলো ‘দ্রুততার সঙ্গে’ প্রক্রিয়াকরণের অনুরোধ জানানো হয়েছে।

তবে দিল্লিতে প্রীতি রহমান এবং ঢাকার প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্ররা এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেননি বলে জানিয়েছে রয়টার্স।