Corporate Sangbad
জাতীয়

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৬, ১২:০৯ অপরাহ্ন ·

প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এ সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি-৬ শাখা থেকে সম্প্রতি ছুটি ঘোষণা করে উপসচিব ওয়ালীউল দামান স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতে প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি পালন করা হবে। সরকারের এ সিদ্ধান্তের ফলে দিনটি সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হলো।

গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়। একই বৈঠকে দিনটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও নেয়া হয়।

মন্ত্রিসভার বৈঠকে নেয়া ওই সিদ্ধান্ত বাস্তবায়নের ধারাবাহিকতায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মাধ্যমে প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি পালনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো।

তবে এ বছর ৭ নভেম্বর পড়েছে শনিবার। যা সাপ্তাহিক ছুটির দিন। যে কারণে ছুটি ভোগ করতে পারছেন না সরকারি চাকরিজীবীরা।