Corporate Sangbad
কর্পোরেট

পিবিআইএল ও আইইউবির সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৬, ৩:২৩ অপরাহ্ন ·

শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক পেশাগত অভিজ্ঞতা অর্জন, আর্থিক সাক্ষরতা বৃদ্ধি এবং বিনিয়োগ বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি (পিবিআইএল) ও ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

সোমবার (২ নভেম্বর) আইইউবি ক্যাম্পাসের উপাচার্যের সম্মেলনকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আইইউবির উপাচার্য অধ্যাপক ড. এম. তামিম এবং পিবিআইএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ এম ওমর তৈয়ব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে স্বাক্ষর করেন।

এই সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো আইইউবির নির্বাচিত শিক্ষার্থীদের জন্য একটি কাঠামোবদ্ধ একদিনের ইন্টার্নশিপ কর্মসূচি। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিনিয়োগ ব্যবস্থাপনা, পুঁজিবাজারের কার্যক্রম এবং আর্থিক পরামর্শসেবার বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে। পাশাপাশি পিবিআইএলের ‘প্রাইমইনভেস্ট ইয়ুথ: ইনভেস্ট ফর টুমরো’ কর্মসূচির আওতায় আর্থিক সাক্ষরতা ও বিনিয়োগবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হবে।

এ বিষয়ে পিবিআইএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ এম ওমর তৈয়ব বলেন, “আইইউবির সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের সঙ্গে বাস্তব বিনিয়োগখাতের অভিজ্ঞতার সংযোগ ঘটাতে চাই। একই সঙ্গে আর্থিক পরিকল্পনা ও পুঁজিবাজার সম্পর্কে তাদের সুস্পষ্ট ধারণা তৈরিতে ভূমিকা রাখতে চাই।”

আইইউবির উপাচার্য অধ্যাপক ড. এম. তামিম বলেন, “শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের শিক্ষার সঙ্গে বাস্তব কর্মজগতের অভিজ্ঞতার সংযোগ ঘটাতে শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা বিনিয়োগ খাত সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি আর্থিক সচেতনতা ও পেশাগত দক্ষতা বিকাশের সুযোগ পাবে।”

শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও আর্থিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি, এই সমঝোতা স্মারকের আওতায় আইইউবি কমিউনিটির জন্য সম্ভাব্য বিনিয়োগ ব্যবস্থাপনা ও পরামর্শসেবা নিয়েও দুই প্রতিষ্ঠান কাজ করার সুযোগ অনুসন্ধান করবে। এ ক্ষেত্রে যোগ্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের জন্য সম্ভাব্য সেবার বিষয়টি পারস্পরিক সম্মত শর্তের ভিত্তিতে বিবেচনা করা হবে।

প্রাইম ব্যাংক পিএলসির সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান পিবিআইএল – বিনিয়োগ ব্যাংকিং, পোর্টফোলিও ব্যবস্থাপনা, করপোরেট পরামর্শ এবং ইস্যু ব্যবস্থাপনাসহ বিভিন্ন সেবা প্রদান করে। এই অংশীদারত্বের মাধ্যমে পিবিআইএল ও আইইউবি উচ্চশিক্ষা ও বিনিয়োগ খাতের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ আর্থিক সিদ্ধান্ত গ্রহণে প্রয়োজনীয় জ্ঞান ও বাস্তবভিত্তিক ধারণা বিকাশে কাজ করবে।