Corporate Sangbad
সারাদেশ

গফরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত,আহত ৩

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬, ১২:০২ অপরাহ্ন · ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহিরুল ইসলাম (২৭) নামে এক কাঠ ব্যবসায়ীর নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে গফরগাঁও উপজেলার দুগাছিয়া বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত জহিরুল ইসলাম গফরগাঁও উপজেলার দিগিরপাড় এলাকার জালাল উদ্দীনের ছেলে। তিনি স্থানীয় গলাকাটা বাজারের কাঠ ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে দুগাছিয়া এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জহিরুলের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই বালিপাড়া এলাকায় তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত অপর মোটরসাইকেলের চালক ইলিয়াস এবং তাঁর দুই বন্ধু রাকিব ও সজলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গফরগাঁও থানার পরিদর্শক মো. মশিউর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করে থানার হেফাজতে নিয়েছে।