Corporate Sangbad
সারাদেশ

ইয়াবা গায়েবের অভিযোগ, সাতকানিয়া থানার ৩ পুলিশ প্রত্যাহার

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬, ৫:২৩ অপরাহ্ন · নিজস্ব প্রতিবেদক

ইয়াবা গায়েবের অভিযোগ ওঠার পর চট্টগ্রামের সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।বুধবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।

প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য হলেন-এসআই মাহবুবুল ইসলাম, কনস্টেবল ফয়েজ আহম্মেদ ও গাজী মো. মহসিন।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, “প্রশাসনিক কারণে তাদের থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করার আদেশ দিয়েছেন পুলিশ সুপার স্যার।”

ইয়াবা গায়েবের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “পত্র-পত্রিকার মাধ্যমে আমরা ইয়াবা সরানোর একটি অভিযোগ শুনেছি। সেটি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত চলছে। মূলত তদন্তের স্বার্থে তাদের থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।”

গত শনিবার রাতে লোহাগাড়া উপজেলার পুটিবিলা এলাকা থেকে দুই সোর্সের সহায়তায় একটি ট্রাক আটক করে পুলিশ। পরে ট্রাকটি সাতকানিয়ার কেরানীহাট এলাকার একটি সিএনজি স্টেশনে নিয়ে তিনটি পোটলায় রাখা ৩০ হাজার ইয়াবা জব্দ করা হয়।

অভিযোগ উঠেছে, জব্দ করা ইয়াবার হিসাব না দেখিয়ে সেগুলো আত্মসাৎ করা হয়েছে। এ নিয়ে কয়েকটি সংবাদমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়।