ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর (এমবিএল) ফ্ল্যাগশিপ মেধা বিকাশ প্ল্যাটফর্ম ‘ওভার দ্য ওয়াল’ এর পঞ্চম আসর শুরু হয়েছে। এবারের আসরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে রেকর্ড ৭,৬০০ এরও বেশি শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্য দিয়ে দেশের ভবিষ্যৎ বিজনেস লিডার গড়ে তোলার প্রতি ম্যারিকো বাংলাদেশের প্রতিশ্রুতি আরও একবার প্রতিফলিত হয়েছে।
আগামী প্রজন্মের লিডার খুঁজে বের করা এবং তাদের বিকাশে সহায়তা করার লক্ষ্যে ‘ওভার দ্য ওয়াল’ শিক্ষার্থীদের বাস্তব ব্যবসায়িক চ্যালেঞ্জ সমাধানের সুযোগ করে দেয়। পাশাপাশি তারা ইন্ডাস্ট্রি লিডারদের থেকে শেখার এবং দ্রুত পরিবর্তনশীল ব্যবসায়িক জগতের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়। এছাড়া, বিজনেস কেস চ্যালেঞ্জ, মেন্টরশিপ সেশন, লিডারশিপ ইন্টার্যাকশন ও ম্যারিকোর উর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারা পরিচালিত মাস্টারক্লাসের মাধ্যমে অংশগ্রহণকারীরা ক্রিটিক্যাল থিংকিং, সমস্যা সমাধানের দক্ষতা এবং ব্যবহারিক ব্যবসায়িক জ্ঞান অর্জনেরও সুযোগ পায়।
প্রতিযোগিতার একাধিক ধাপ পেরোনোর সঙ্গে সঙ্গে অংশগ্রহণকারীরা তাদের আইডিয়াকে আরও শাণিত করে এবং বাস্তব ব্যবসায়িক চ্যালেঞ্জের প্র্যাকটিকাল সমাধান তৈরি করেন। এই যাত্রার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে গ্লোবাল প্ল্যাটফর্মে, যেখানে সেরা দলগুলো বিজনেস ইন্ডাস্ট্রির খ্যাতনামা লিডারদের সমন্বয়ে গঠিত প্যানেলের সামনে তাদের আইডিয়া উপস্থাপন করবে।
প্রতিযোগিতায় বিজয়ী দল পূর্ণ অর্থায়নে আন্তর্জাতিক ইন্টার্নশিপের সুযোগ পাবে, যা ক্যারিয়ারের শুরুতেই বৈশ্বিক কর্পোরেট পরিবেশে তাদের কাজের অভিজ্ঞতা এনে দেবে। এর আগে, সিজন ৩-এর বিজয়ীরা মালয়েশিয়ায় ইন্টার্নশিপ করেছিলেন। এমন অভিজ্ঞতা তরুণদের দৃষ্টিভঙ্গিকে বিকশিত হতে সাহায্য করে এবং ক্যারিয়ারের শুরু থেকেই আন্তর্জাতিক অঙ্গনে সক্ষমতা প্রমাণের দ্বার খুলে দেয়। এছাড়া, সেরা দুই দল ম্যারিকো বাংলাদেশে ইন্টার্নশিপের সুযোগ এবং সেরা তিন দল আকর্ষণীয় অর্থ পুরস্কার জেতার সুযোগও পাবে।
এ প্রসঙ্গে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর এইচআর ডিরেক্টর কে এম সাব্বির আহমেদ বলেন, “আমরা বিশ্বাস করি, বাংলাদেশের তরুণরা বিশ্বের যেকোন প্রান্তের সেরা মেধাবীদের সঙ্গে প্রতিযোগিতা করার যোগ্যতা রাখে। তাদের প্রয়োজন শুধু নিজেদের সম্ভাবনা তুলে ধরার সঠিক প্ল্যাটফর্ম। 'ওভার দ্য ওয়াল' তরুণ মেধাবীদের সাহসী স্বপ্ন দেখার, নির্ভয়ে নতুন কিছু গড়ার এবং নিজের ভাবনাকে বিশ্বমঞ্চে মেলে ধরার সুযোগ করে দিচ্ছে, যার পুরস্কার হিসেবে তারা পাবে আন্তর্জাতিক ইন্টার্নশিপের সুযোগ, যার মাধ্যমে তারা বৈশ্বিক কর্ম-পরিবেশে কাজ শিখতে ও ক্যারিয়ারের প্রথম পদক্ষেপেই আন্তর্জাতিক পরিসরে নিজের ভাবনার পরিধি বাড়াতে পারবে।”
‘ওভার দ্য ওয়াল’ সিজন ৫ এর মাধ্যমে ম্যারিকো বাংলাদেশ ইন্ডাস্ট্রি ও শিক্ষা-প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা আরও জোরদার করছে এবং ভবিষ্যতের জন্য মেধাবী তরুণদের প্রস্তুত করছে। বাস্তব ব্যবসায়িক চ্যালেঞ্জে উদ্ভাবনী ধারণার মাধ্যমে অবদান রাখার পাশাপাশি দেশের তরুণদের জন্য বৈশ্বিক অভিজ্ঞতা অর্জনের পথও তৈরি করছে প্রতিষ্ঠানটি।
ম্যারিকো বাংলাদেশ সম্পর্কে
১৯৯৯ সালে যাত্রা শুরু করা ম্যারিকো বাংলাদেশ লিমিটেড দেশের শীর্ষ তিনটি বহুজাতিক এফএমসিজি কোম্পানির একটি এবং পার্সোনাল কেয়ার ও খাদ্যপণ্যের বৈচিত্র্যময় পোর্টফোলিও নিয়ে বিশ্বস্ত একটি ব্র্যান্ড। হেয়ার কেয়ার, স্কিন কেয়ার, বেবি কেয়ার, মেল গ্রুমিং এবং ফুডস ক্যাটাগরিতে ৪৬টি ব্র্যান্ড নিয়ে কোম্পানিটি বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। কোম্পানিটির ফ্ল্যাগশিপ ব্র্যান্ড প্যারাসুট অ্যাডভান্সড ঘরে ঘরে আস্থার নাম হিসেবে তার অবস্থান ধরে রেখেছে এবং হেয়ার অয়েল ক্যাটাগরিতে শীর্ষস্থানে রয়েছে। "মেড ইন বাংলাদেশ"-এর গর্বিত অ্যাম্বাসেডর হিসেবে ম্যারিকোর পোর্টফোলিওর ৯৯.৯ শতাংশ পণ্য বাংলাদেশে উৎপাদিত হয় এবং ভারত, শ্রীলঙ্কা, নেপাল, মধ্যপ্রাচ্য, মিসর ও ভিয়েতনামে রপ্তানি করা হয়।