Corporate Sangbad
কর্পোরেট

ইউসিবি ও মাস্টারকার্ড-গ্রামীণফোনের যৌথ উদ্যোগে আসছে কো-ব্র্যান্ডেড স্টিকার পেমেন্ট কার্ড

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৬, ৫:০১ অপরাহ্ন ·

বাংলাদেশের গ্রাহকদের জন্য সহজ ও সুবিধাজনক কন্ট্যাক্টলেস পেমেন্টের সুযোগ তৈরি করতে যৌথভাবে একটি কো-ব্র্যান্ডেড স্টিকার পেমেন্ট কার্ড আনছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি), মাস্টারকার্ড এবং গ্রামীণফোন। কার্ডটির মাধ্যমে গ্রাহকেরা দ্রুত ও সহজে পেমেন্ট করার পাশাপাশি ক্যাশব্যাক, রিওয়ার্ড এবং বিশেষ লাইফস্টাইল সুবিধাও উপভোগ করতে পারবেন।

কার্ডটির উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এইচ. ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউসিবির চেয়ারম্যান শরীফ জহীর; ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশিদ; মাস্টারকার্ডের ইন্ডিয়া ও সাউথ এশিয়ার ডিভিশন প্রেসিডেন্ট গৌতম আগারওয়াল; শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশ, ভুটান ও নেপালে মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সান্দুন হাপুগোদা; মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা; গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলমসহ তিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রিপেইড স্টিকার কার্ডটি স্মার্টফোন বা অন্য কোনো উপযুক্ত ডিভাইসে লাগিয়ে ব্যবহার করা যাবে। কন্ট্যাক্টলেস পেমেন্ট সুবিধাসম্পন্ন পয়েন্ট-অফ-সেল (পিওএস) টার্মিনালে কার্ডটি ট্যাপ করেই পেমেন্ট করা যাবে। ফলে প্রচলিত পেমেন্ট কার্ড সঙ্গে বহন করার প্রয়োজন কমবে এবং ˆদনন্দিন লেনদেন হবে আরও দ্রুত ও সহজ।

এই কার্ডটি ইউসিবির ব্যাংকিং সেবা, মাস্টারকার্ডের নিরাপদ পেমেন্ট প্রযুক্তি এবং গ্রামীণফোনের মাইজিপি ডিজিটাল ইকোসিস্টেমের সমন্বয়ে তৈরি। এর মাধ্যমে কার্ডহোল্ডাররা সহজে পেমেন্ট করার পাশাপাশি বিভিন্ন সুবিধাও উপভোগ করতে পারবেন।

কার্ডহোল্ডাররা মাইজিপি থেকে এলিজিবল ওটিটি ও বান্ডেল কেনাকাটা, মাইজিপি শপ-এর লেনদেন এবং লার্নিং কোর্সে ১০ শতাংশ ক্যাশব্যাক পাবেন। এছাড়া এলিজিবল জিপিএফআই সাবস্ক্রিপশনে ৩ শতাংশ এবং নির্দিষ্ট রোমিং প্যাক কেনাকাটায় ৫০ টাকা ক্যাশব্যাকের সুবিধা রয়েছে। পাশাপাশি, জিপিস্টার ও মাস্টারকার্ডের পার্টনার মার্চেন্টদের কাছ থেকে পাওয়া যাবে বিশেষ অফার। নির্দিষ্ট লেনদেনের মাধ্যমে অতিরিক্ত মাইজিপি পয়েন্টসও দ্রুত অর্জন করা যাবে। সব ক্যাশব্যাক সুবিধার ক্ষেত্রে প্রযোজ্য শর্তাবলি কার্যকর হবে।

ইউসিবির চেয়ারম্যান শরীফ জহীর বলেন, “গ্রাহকদের পরিবর্তিত চাহিদা অনুযায়ী নতুন ও আধুনিক আর্থিক সেবা দেওয়ার প্রতিশ্রুতিরই প্রতিফলন এই উদ্যোগ। ব্যাংকিং, কানেক্টিভিটি ও বৈশ্বিক পেমেন্ট প্রযুক্তির সমন্বয়ে স্টিকার পেমেন্ট কার্ডটি ˆদনন্দিন ডিজিটাল লেনদেনকে আরও সহজ, সুবিধাজনক ও সাশ্রয়ী করে তুলবে। একই সঙ্গে গ্রাহকেরা পাবেন নানা ধরনের সুবিধা।”

মাস্টারকার্ডের ইন্ডিয়া ও সাউথ এশিয়ার ডিভিশন প্রেসিডেন্ট গৌতম আগারওয়াল বলেন, “পেমেন্টের ভবিষ্যৎ নির্ভর করছে এমন ধরনের লেনদেনের ওপর, যা সহজ, নিরাপদ এবং মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে খুব স্বাভাবিকভাবে যুক্ত। এই উদ্যোগের মাধ্যমে আমরা পেমেন্টের উদ্ভাবনী একটি ধরন নিয়ে এসেছি। এটি গ্রাহকদের জন্য আরও বিকল্প তৈরি করবে এবং বাংলাদেশে কন্ট্যাক্টলেস পেমেন্টের প্রসারে ভূমিকা রাখবে।”

কার্ডটির প্রথম বছরের ফি মওকুফ করা হয়েছে। এছাড়া কোনো কার্ডহোল্ডার এর এক বছরে ১ লাখ টাকা বা তার বেশি খরচ করলে তাঁর বার্ষিক ফি মওকুফ করা হবে।

গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম বলেন, “ডিজিটাল জীবনযাপনে অভ্যস্ত হওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহকেরা এমন পেমেন্ট সমাধান চাইছেন, যা সহজ, সুবিধাজনক ও তাদের ˆদনন্দিন প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। স্টিকার পেমেন্ট কার্ডের মাধ্যমে গ্রাহকেরা মাইজিপিতে যে ডিজিটাল সেবা ও সুবিধাগুলো ব্যবহার করেন, সেগুলোর সঙ্গে পেমেন্টের সুবিধাও যুক্ত হচ্ছে। ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে মানুষের জীবনে আরও বেশি সুবিধা ও ইতিবাচক পরিবর্তন আনার যে অঙ্গীকার আমাদের রয়েছে এই উদ্যোগ তারই প্রতিফলন।”

এই যৌথ উদ্যোগের মাধ্যমে ইউসিবি, মাস্টারকার্ড ও গ্রামীণফোন বাংলাদেশে কন্ট্যাক্টলেস পেমেন্টের ব্যবহার বাড়ানো এবং গ্রাহকদের জন্য আরও নিরাপদ ও আকর্ষণীয় ডিজিটাল লেনদেনের সুযোগ তৈরির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।