Corporate Sangbad
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৬, ৩:৫১ অপরাহ্ন ·

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ৩১ অক্টোবর পরীক্ষার ফল প্রকাশ করা হবে। অনিবার্য কারণে ফল প্রকাশের তারিখ পিছিয়ে দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামী ৩১ অক্টোবর সকাল ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

এর আগে গত ২৪ অক্টোবর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ২ জুলাই। লিখিত পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায়। পরবর্তী সময়ে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হলে ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন।