Corporate Sangbad
সারাদেশ

এনায়েতপুরে যমুনায় গোসলে নেমে নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৬, ১:০৫ অপরাহ্ন · সিরাজগঞ্জ প্রতিনিধি

বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জিসান আহমেদের (২৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ১৯ ঘণ্টা পর সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এনায়েতপুর স্পার বাঁধের দক্ষিণ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জিসান আহমেদ গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের টুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাহেবপাড়া মহল্লার আকবার আলীর একমাত্র ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত রবিবার ঢাকা থেকে চার বন্ধু মিলে সিরাজগঞ্জের এনায়েতপুরে গোলামের হোটেলে খাবার খেতে আসেন। এ সময় জিসান যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান। তাকে উদ্ধারে বন্ধুরা ও স্থানীয় জেলেরা তাৎক্ষণিক চেষ্টা চালালেও ব্যর্থ হন।

পরে এনায়েতপুর থানা পুলিশ ও বেলকুচি ফায়ার সার্ভিসের সদস্যরা দিনভর উদ্ধার অভিযান চালান। শেষ পর্যন্ত সোমবার সকালে রাজশাহী থেকে আসা ডুবুরি দলের চেষ্টায় জিসানের মরদেহ উদ্ধার করা হয়।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ গ্রহণ করতে পরিবারের সদস্যরা এসেছেন।

নিহতের চাচা জাহিদ আহম্মেদ শিমুল জানান, খবর পেয়ে তারা মরদেহ গ্রহণ করতে ঘটনাস্থলে এসেছেন।

বন্ধুদের সঙ্গে আনন্দ ভ্রমণে এসে এমন ঘটনায় জিসানের স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর রবিবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।