Corporate Sangbad
সারাদেশ

টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে আগুন, মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন · ময়মনসিংহ ব্যুরো

গাজীপুরের টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণে দগ্ধ হয়ে ময়মনসিংহের ফুলপুরের একই পরিবারের তিন সদস্যের মধ্যে স্বামী লালচান মিয়া (৬০) ও তার স্ত্রী নাসিমা খাতুনের (৫০) মৃত্যুর পর সবশেষ মেয়ে তানিশারও (১৬) মৃত্যু হয়েছে। এ নিয়ে একই পরিবারের ৩ জন মারা গেছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে চিকিৎসাধীন অবস্থায় তানিশারও মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে তানিশার মা নাসিমা খাতুন ও বাবা লাল চান মিয়া এ দূর্ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউট হাসপাতালটির আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানিয়েছেন তানিশার শরীরের ৮৬ শতাংশ দগ্ধ হয়ে ছিল।

স্থানীয় সূত্রে জানাযায়,ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসি ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের বাসিন্দা লাল চান মিয়া পরিবার নিয়ে গাজীপুরের টঙ্গীতে বসবাস করে একটি গার্মেন্টসে চাকরি করতেন। তানিশা তার বাবা-মায়ের সাথে থেকে স্থানীয় মাদ্রাসায় পড়তো।

প্রসঙ্গত,গত ২১ অক্টোবর বুধবার সকাল আনুমানিক ৬টার দিকে গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ( বাবা, মা ও সন্তান) তিনজন দগ্ধ হয়।

পরে তাদের উদ্ধার করে বুধবার সকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

লালচান-নাছিমার মেয়ের জামাতা নাঈম মিয়া জানান, টঙ্গীতে নিচতলার বাসায় সকালে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে আগুনে তারা দগ্ধ হয়।

নাঈম মিয়া বলেন, ‘শুক্রবার তানিশা মৃত্যুর মধ্য দিয়ে দগ্ধ তিনজনই মারা গেলেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ গ্রামের বাড়ির উদ্দেশে নিয়ে যাচ্ছি।