Corporate Sangbad
সারাদেশ

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৬, ৪:০০ অপরাহ্ন ·

ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর মোট ২৩টি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এর আগে, সকাল ১০টা ১৫ মিনিটের দিকে কারখানায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের টানা চেষ্টার পর দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

আগুন লাগার খবর পাওয়ার পর প্রথমে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতির ব্যাপকতা বিবেচনা করে পরবর্তীতে ইউনিট সংখ্যা বাড়িয়ে প্রায় ২০টিতে উন্নীত করা হয়। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিসের সাথে যৌথভাবে উদ্ধারকাজে যোগ দেয় বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনে ফায়ার সার্ভিসের একজন কর্মীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুনের মূল সূত্রপাত ও আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।