Corporate Sangbad
সারাদেশ

শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ, আটক ১

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৬, ৪:৫১ অপরাহ্ন · সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে পুলিশের বিশেষ অভিযানে প্রাইভেটকার ভর্তি বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ এবং আরও তিন মাদক ব্যবসায়ী পালিয়ে গেছে।

গত ৯ অক্টোবর দিবাগত রাত ১০:২০ মিনিটে শিবপুর মডেল থানার এসআই  মোঃ আব্দুল কাইয়ুমের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার শাষপুর (শহীদ মিনার) সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ইমন মিয়া (২৬) নামের এক যুবককে আটক করা হয়। তবে তার অন্য তিন সহযোগী আরমান খন্দকার (৩২), নাহিদ হাসান (২০) ও সালমান খন্দকার (৩০) কৌশলে পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জব্দকৃত সিলভার রঙের একটি টয়োটা প্রাইভেটকার (ঢাকা মেট্রোঃ গ-২৭-৮০৫১) তল্লাশি করে ডালার ভেতর থেকে দুটি প্লাস্টিকের বস্তায় লুকানো মোট ১৯৮ বোতল নিষিদ্ধ কোডিনযুক্ত কাফ সিরাপ (ফেনসিডিল) উদ্ধার করা হয়।

শিবপুর মডেল থানার ওসি কোহিনুর মিয়া জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে এই গাড়িটি ব্যবহার করে গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।