Corporate Sangbad
কর্পোরেট

প্রিমিয়ার ব্যাংকের ISO 27001:2022 সার্টিফিকেশন অর্জন

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৬, ৪:৪৬ অপরাহ্ন ·

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি. তথ্য নিরাপত্তা ও সাইবার নিরাপত্তা ব্যবস্থাপনায় আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। ব্যাংকের ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম (আইএসএমএস) আন্তর্জাতিকভাবে স্বীকৃত ISO 27001:2022 মানদণ্ড অনুযায়ী সফলভাবে সার্টিফায়েড হয়েছে।

এই সার্টিফিকেশনের আওতাভুক্ত বিভাগগুলোর মধ্যে রয়েছে: তথ্য প্রযুক্তি বিভাগ (ITD), আইটি সিকিউরিটি এন্ড গভর্ন্যান্স বিভাগ (ITSGD), মানবসম্পদ বিভাগ (HRD) এবং সেইসাথে ডেটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি সাইট। এ উপলক্ষে ব্যাংকটির প্রধান কার্যালয় শান্তা পিনাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজের কাছে সার্টিফিকেশন হস্তান্তর করা হয়।  

এ সময় আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ অপারেটিং অফিসার মির্জা আজহার আহমদ; এসইভিপি এবং চিফ রিস্ক অফিসার (ভারপ্রাপ্ত) অনির্বাণ হক; এসইভিপি এবং রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মো. কামরুজ্জামান; ইভিপি এবং চিফ টেকনোলজি অফিসার আবু মো. সাব্বির হাসান চৌধুরী; ইভিপি এবং এডিসি বিভাগের প্রধান শেখ মোহাম্মদ ফুয়াদ; ভিপি এবং মানবসম্পদ বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) মো. মইনুল হক সিরাজী; এফভিপি এবং জিএসডি বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) ফজলুর রহমান; এসএভিপি এবং চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার (CISO), খন্দকার গোলাম সরওয়ার সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও বাংলাদেশের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক টেস্টিং, ইন্সপেকশন এবং সার্টিফিকেশন (TIC) বডি, ব্যুরো ভেরিটাস-এর পক্ষে উপস্থিত ছিলেন রিজিওনাল ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড সেলস) তারেক আহমেদ, এবং কনসালটিং প্রতিষ্ঠান ইআইসি লিমিটেড-এর পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মশিউল ইসলাম।

প্রিমিয়ার ব্যাংক গ্রাহকদের তথ্য সুরক্ষা ও সাইবার ঝুঁকি ব্যবস্থাপনায় অঙ্গীকারবদ্ধ। এই আন্তর্জাতিক স্বীকৃতি ব্যাংকের তথ্যের গোপনীয়তা, অখণ্ডতা ও প্রাপ্যতা নিশ্চিত করার ক্ষেত্রে ব্যাংকের সক্ষমতার স্বীকৃতি বহন করে। ব্যাংক কর্তৃপক্ষ মনে করে, গ্রাহকদের তথ্য সুরক্ষায় ব্যাংকের ধারাবাহিক অঙ্গীকারেরই প্রতিফলন এই স্বীকৃতি।