বাড়তে থাকা সিকিউরিটি অ্যালার্ট, দক্ষ জনবলের ঘাটতি এবং দ্রুতগতির সাইবার হামলা মোকাবিলায় নিরাপত্তা দলগুলোকে সহায়তা করতে থ্রেট ইন্টেলিজেন্স পোর্টফোলিওতে নতুন এআই সুবিধা যুক্ত করেছে গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। নতুন এসব সুবিধার মাধ্যমে বিপুল পরিমাণ থ্রেট ইন্টেলিজেন্স তথ্য, জটিল রিপোর্ট এবং ইন্ডিকেটর অফ কম্প্রোমাইজ (আইওসি) দ্রুত বিশ্লেষণ করে এক ক্লিকেই সংক্ষিপ্ত সারাংশ তৈরি করতে পারবেন নিরাপত্তা বিশ্লেষকেরা।
এর ফলে প্রয়োজনীয় আইওসি, নিয়ম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত শনাক্ত করা, কোন বিষয়গুলো আগে তদন্ত করা দরকার তা নির্ধারণ এবং ম্যানুয়ালি তথ্য পর্যালোচনায় ব্যয় হওয়া সময় কমানো সম্ভব হবে। ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওএসআইএনটি) অনুসন্ধানের মাধ্যমে শনাক্ত করা আইওসি-এর ক্ষেত্রেও এআইভিত্তিক সারাংশ ও সার্চ সুবিধা পাওয়া যাবে। ফলে বিভিন্ন উৎস থেকে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্য এক জায়গায় এনে বিশ্লেষণ করা সহজ হবে।
ক্যাসপারস্কি তাদের থ্রেট ইন্টেলিজেন্স পোর্টাল-এ মডেল কনটেক্স প্রটোকল (এমসিপি) সাপোর্টও যুক্ত করেছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলো নিজেদের বা তৃতীয় পক্ষের এআই অ্যাপ্লিকেশন সরাসরি ক্যাসপারস্কির থ্রেট ইন্টেলিজেন্স পোর্টাল-এর সাথে যুক্ত করতে পারবে। প্রচলিত এপিআই (API)-এর তুলনায় এমসিপি এআই অ্যাপ্লিকেশনকে প্রয়োজন অনুযায়ী আরও নমনীয়ভাবে তথ্য খোঁজা এবং রিয়েল-টাইম থ্রেট ইন্টেলিজেন্স ব্যবহারের সুযোগ দেয়।
ক্যাসপারস্কির মতে, নতুন এসব সুবিধা থ্রেট বিশ্লেষণের গতি বাড়াবে, ম্যানুয়াল কাজের চাপ কমাবে এবং নিরাপত্তা দলগুলোকে আরও দ্রুত ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।
ক্যাসপারস্কির থ্রেট ইন্টেলিজেন্স প্রডাক্ট লাইন-এর প্রধান আলেকজান্ডার মাজিকিন বলেন, “ক্যাসপারস্কির থ্রেট ইন্টেলিজেন্স পোর্টফোলিও দীর্ঘদিন ধরে তথ্যের মান ও বিস্তৃত কাভারেজের জন্য পরিচিত। প্রায় ৩০ বছর ধরে আমরা থ্রেট ইন্টেলিজেন্স-এর একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছি এবং হামলার তথ্য সংগ্রহ ও শ্রেণিবিন্যাসে এআই ও মেশিন লার্নিং ব্যবহার করছি।”
তিনি বলেন, “নতুন এআই সুবিধার মূল লক্ষ্য হলো তথ্য পাওয়ার পর সেটি বুঝতে ও কীভাবে কাজে লাগানো হবে তা নির্ধারণে যে সময় লাগে, তা কমানো। এতে প্রতিষ্ঠানগুলো তাদের থ্রেট ইন্টেলিজেন্স বিনিয়োগ থেকে আরও বেশি সুবিধা পাবে। একই সঙ্গে নিরাপত্তা দলগুলোর জটিল বিশ্লেষণে সময় কম লাগবে এবং তাদের কাজ আরও নির্ভুল হবে।”
নতুন এআই সুবিধাগুলো ব্যবহার করতে গ্রাহকদের আলাদা কোনো লাইসেন্সের প্রয়োজন হবে না। নিয়মিত ক্যাসপারস্কি থ্রেট লুকআপ লাইসেন্সের সঙ্গেই নির্দিষ্ট সংখ্যক রিকোয়েস্ট করা যাবে। যেসব প্রতিষ্ঠানের বেশি পরিমাণে রিকোয়েস্ট প্রয়োজন, তারা চাহিদা অনুযায়ী অতিরিক্ত রিকোয়েস্ট কিনে ব্যবহারের পরিমাণ বাড়াতে পারবে।