Corporate Sangbad
সারাদেশ

যুবককে ছুরিকাঘাতে হত্যা, গ্রেফতার ১

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৬, ৬:১৫ অপরাহ্ন · ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহ নগরের আকুয়া ভাংগারপুল এলাকায় মাদক নিয়ে বিরোধের জেরে দু'জনের মধ্যে কথা কাটাকাটি ও মারামারির সময় সাদ্দাম হোসেন (২৩) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তর (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে কোতোয়ালি থানার আকুয়া ভাংগারপুল এলাকায় এ ঘটনা ঘটে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাদ্দামের মৃত্যু হয়।

নিহত সাদ্দাম হোসেন আকুয়া ভাংগারপুল এলাকার পান্নু মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে সাদ্দাম আকুয়া ভাংগারপুল এলাকায় অন্তরের দোতলা বাসার একটি কক্ষে যান। সেখানে মাদক সংক্রান্ত বিষয় নিয়ে দু'জনের মধ্যে কথা কাটাকাটি ও মারামারি হয়। একপর্যায়ে অন্তর হাতে থাকা ছুরি দিয়ে সাদ্দামের বুক ও পেটে একাধিক আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সাদ্দামকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।লাশ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত অন্তরকে গ্রেফতার করে। সেইসাথে ঘটনাস্থল থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত অন্তর আকুয়া ভাংগারপুল এলাকার বিল্লাল হোসেনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত অন্তরকে আটক করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।