Corporate Sangbad
জাতীয়

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল, তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১০ অপরাহ্ন ·

রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটের সঙ্গে পুলিশের যথাযথ যোগাযোগের অভাব ছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, সেখানে একটি সমন্বয়ের ঘাটতি ছিল এবং পুরো বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি-দুটি বিচ্ছিন্ন ঘটনাকে সামনে রেখে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করা ঠিক হবে না। জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ট্রিপল নাইন (999)-এ কল পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নিচ্ছে।

চাঁদাবাজদের তালিকা প্রসঙ্গে তিনি স্পষ্ট করে জানান, চাঁদাবাজ, সন্ত্রাসী, অপরাধী, মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারীদের তালিকা তৈরি করা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ। এগুলো সবসময়ই পুলিশের কাছে থাকে এবং নিয়মিত হালনাগাদ করা হয়। নতুন করে কোনো বিশেষ তালিকা করা হয়নি।

রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখল ও চাঁদাবাজির ঘটনায় ৩৮ বিশিষ্ট নাগরিকের উদ্বেগের বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হচ্ছে না। ‘আমরা যে কোনো রাজনৈতিক পরিচয় নির্বিশেষে, অপরাধীকে অপরাধী হিসেবে ট্রিট করছি’।

রাড্ডা ক্লিনিক ও মাটিকাটার ঘটনা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাড্ডা ক্লিনিকের ঘটনায় কোনো সংসদ সদস্যের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যার সংশ্লিষ্টতাই পাওয়া যাক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। এছাড়া ক্যান্টনমেন্ট থানার মাটিকাটার ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা হওয়ার যে দাবি করা হয়েছে, সে বিষয়ে তিনি বলেন—যিনি মামলা করার দাবি করেছেন, তাঁর নামে আজ পর্যন্ত কোনো মামলা হয়নি। বরং রিয়েল এস্টেট কোম্পানির পরিচালক মামলা করেছেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় একজন পুলিশ কর্মকর্তার দায়িত্বে অবহেলা পাওয়া গেছে। তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু হয়েছে। রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, নিউগিনি প্রোপার্টিজ বা পাশের জমির সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, সবাইকে তদন্তের আওতায় আনা হবে এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে বিভিন্ন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢালাওভাবে সরকারকে বা বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বলা হলে তার বিচার জনগণই করবে। সালমান মুক্তাদির নিজেও জানিয়েছেন যে তাঁর কাছে কোনো চাঁদা চাওয়া হয়নি। ঘটনাটি সম্পূর্ণ নির্মোহভাবে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

এছাড়া আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ অত্যন্ত শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ-সহ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে পূর্বেকার অন্তর্বর্তী সরকার দুর্গাপূজায় সরকারি ছুটি একদিন থেকে বাড়িয়ে দুইদিন করেছিলো। তিনি বলেন, এ বছর প্রধানমন্ত্রী তারেক রহমান সনাতন ধর্মাবলম্বীদের দাবির প্রেক্ষিতে ছুটি আরও একদিন বৃদ্ধি করে তিনদিন নির্ধারণ করেছেন। এর সাথে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সনাতন ধর্মাবলম্বীসহ দেশবাসী কার্যত পাঁচদিনের ধারাবাহিক ছুটি উপভোগ করতে পারবেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী নিজে উদ্যোগী হয়ে প্রতি বছর পূজামণ্ডপগুলোতে প্রদানকৃত সরকারি অনুদানের পরিমাণ চার কোটি টাকা থেকে বাড়িয়ে পাঁচ কোটি টাকায় উন্নীত করেছেন। সরকারের এসব সিদ্ধান্তের জন্য সনাতন ধর্মের নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলেও জানিয়েছেন তিনি।

দেশে ধর্মীয় সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ বছর রেকর্ডসংখ্যক প্রায় ৩৩,৮৫১টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা গত বছরের তুলনায় প্রায় ১,৫০০টি বেশি।

পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রযুক্তি ও তদারকি জোরদার করার কথা উল্লেখ করে তিনি বলেন, জাতীয় নির্বাচনের সময় ব্যবহৃত এনটিএমসি'র বিশেষ অ্যাপসটি দুর্গাপূজার নিরাপত্তায় ব্যবহার করা হবে এবং এ লক্ষ্যে জেলা পর্যায়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়া পুলিশ হেডকোয়ার্টার্স সহ বিভাগীয় ও জেলা পর্যায়ে ২৪ ঘণ্টার মনিটরিং টিম সক্রিয় থাকবে।

তিনি আরও বলেন, প্রতিটি পূজামণ্ডপের স্বেচ্ছাসেবকদের তালিকা সংশ্লিষ্ট থানায় ভেরিফিকেশন শেষে আইডি কার্ড প্রদান করা হবে। পূজামণ্ডপগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশনার পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবেলায় ২৪ ঘণ্টা বিকল্প জেনারেটর ও চার্জার লাইটের ব্যবস্থা রাখতে বলা হয়েছে।