Corporate Sangbad
সারাদেশ

নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩২ অপরাহ্ন · ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহের নান্দাইলে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামির আব্দুল হেলিমের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সিংরইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে নান্দাইল উপজেলার সিংরইল উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা ধর্ষণের মতো গুরুতর অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। অভিযুক্ত ব্যক্তি যেন আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে না যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা কামনা করেন তারা।

বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব। শিশুদের যৌন সহিংসতা থেকে সুরক্ষিত রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীর বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে শিক্ষার্থীরা ‘ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়াও’, ‘শিশুদের নিরাপত্তা নিশ্চিত কর’ এবং ‘ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি চাই’—লিখিত বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ছাত্রীর মা বাড়িতে না থাকার সুযোগে বাড়িতে একা পেয়ে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী ছাত্রীর বাবা নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল হেলিমকে আটক করে।আটক আব্দুল হেলিম উপজেলার সিংরইল ইউনিয়নের বারপাড়া গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে।