Corporate Sangbad
সারাদেশ

আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন · নিজস্ব প্রতিবেদক

আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২৫ জন। আহতদের আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিতরে প্রীতি গ্রুপের কারখানার অভ্যন্তরে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর রাত ১১টার দিকে একে একে উদ্ধার করা হয় মরদেহ।

নিহতদের মধ্যে গ্যাস সিলিন্ডার বাহী লরিতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে পাঁচজন, বিস্ফোরণের সময় ছিটকে আসা সিলিন্ডারের অংশের আঘাতে পথচারী এক নারী নিহত হয়। এছাড়া ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস ঢাকা জোন-৪ এর উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, কাভার্ড ভ্যান থেকে গ্যাস সিলিন্ডার আনলোড করার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচজন পুড়ে অঙ্গার হয়ে যাওয়ায় তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বাকি দুইজনের মধ্যে নিহত সালমা নামের এক নারীর পরিচয় পাওয়া গেছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান, অন্যজন বুলবুল- তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে অগ্নিকাণ্ডের খবর আসে। তবে বাইপাইল সড়কে তীব্র যানজট থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত নয় ফায়ার সার্ভিস। তবে তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।