Corporate Sangbad
সারাদেশ

ধোবাউড়ায় ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার, আটক ১

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন · ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ২ নম্বর গামারীতলা ইউনিয়নের দক্ষিণ লাঙ্গলজোড়া গ্রামের একটি আমন ধানক্ষেত থেকে নজরুল ইসলাম (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তার মাথায় আঘাতের চিহ্ন থাকায় তাকে হত্যা করে মরদেহ ধানখেতে ফেলে রাখা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিনগত রাত তিনটার দিকে ধোবাউড়া উপজেলার উত্তর লাঙ্গলজোড়া গ্রামের শহিদুল ইসলামের বাড়ির পাশের একটি ধানখেত থেকে নজরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। তিনি দক্ষিণ লাঙ্গলজোড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ফজলুল হক মেম্বারের ভাই।

পুলিশ জানায়, নজরুল ইসলামের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে মাথায় আঘাত করে হত্যার পর ধানখেতে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে ধোবাউড়া থানা-পুলিশ।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।