Corporate Sangbad
শেয়ারবাজার

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের নতুন চেয়ারম্যান কাজী মুস্তাইদ মোর্শেদ

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন ·

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কাজী মুস্তাইদ মোর্শেদ এফসিএ, এসিসিএ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে কাজী মুস্তাইদ মোর্শেদকে নির্বাচিত করা হয়েছে। নতুন চেয়ারম্যান হিসেবে তিনি কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেতৃত্ব দেবেন।

কাজী মুস্তাইদ মুরশেদ অর্থ, হিসাব, ট্রেজারি, অভ্যন্তরীণ ও বহিঃনিরীক্ষা, কর ব্যবস্থা, সিস্টেম ডেভেলপমেন্ট এবং পরামর্শক সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে ২৫ বছরেরও বেশি পেশাগত অভিজ্ঞতা অর্জন করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বিষয়ে মাস্টার অব কমার্স (M.Com) ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (এফসিএ) এবং যুক্তরাজ্যের অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্ট্যান্টস (এসিসিএ) এর ফেলো সদস্য।

দীর্ঘ পেশাজীবনে কাজী মুস্তাইদ মুরশেদ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার কর্মজীবনের উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এসিআই ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো টেক্সটাইলস, কেপিএমজি বাংলাদেশ এবং  অ্যাটলাস কোপকো বাংলাদেশ। এছাড়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও তার পেশাগত অভিজ্ঞতা রয়েছে।

বর্তমানে তিনি মুস্তাইদ মুরশেদ অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এর স্বত্বাধিকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

অর্থ ও হিসাব ব্যবস্থাপনা, নিরীক্ষা, করব্যবস্থা এবং করপোরেট পরামর্শকতায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন একজন পেশাজীবী হিসেবে কাজী মুস্তাইদ মুরশেদের এই নিয়োগ গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদে আর্থিক ও করপোরেট গভর্ন্যান্স-সংক্রান্ত দক্ষতা আরও জোরদার করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।