Corporate Sangbad
সারাদেশ

স্বামীর মোটরসাইকেলে ওড়না প্যাঁচিয়ে স্ত্রী নিহত,স্বামী আহত

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন · ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহের ত্রিশালে স্বামীর মোটরসাইকেলের চাকায় ওড়না প্যাঁচিয়ে জুলেখা খাতুন (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী ফারুক আহমেদ আহত হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ত্রিশাল উপজেলার বইলর কানহর এলাকায় মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত জুলেখা খাতুন ফুলবাড়িয়া উপজেলার আছিম এলাকার বাসিন্দা ফারুক আহমেদের স্ত্রী। নিহতের স্বামীর বড় ভাই মোঃ শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। পথে বইলর কানহর এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত জুলেখা খাতুনের গলায় থাকা ওড়না মোটরসাইকেলের চাকায় প্যাঁচিয়ে যায়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই মারাযান। এ দূর্ঘটনায় আহত ফারুক আহমেদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

খবর পেয়ে ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ জানিয়েছে, পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই জুলেখা খাতুনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।