Corporate Sangbad
জাতীয়

মক্কা প্রতিরক্ষা জোটে প্রস্তাব পেলে জাতীয় স্বার্থ দেখে সিদ্ধান্ত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন ·

মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আনুষ্ঠানিক কোনো আমন্ত্রণ এখনো সরকারের কাছে আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের কোনো প্রস্তাব এলে তা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে। দেশের জাতীয় স্বার্থ, নিরাপত্তা এবং সংশ্লিষ্ট সব বিষয় যাচাই-বাছাই করেই কেবল এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সফররত ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব আন্দা ফিলিপের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, এ বিষয়ে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করবে সরকার। প্রয়োজনীয় পর্যালোচনা ও যাচাই-বাছাই শেষ করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

শামা ওবায়েদ বলেন, দেশের জন্য ক্ষতিকর বা অকল্যাণকর হতে পারে—এমন কোনো সিদ্ধান্ত সরকার নেবে না। মক্কা প্যাক্টের বিভিন্ন দিক পর্যালোচনা করে বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অবস্থানই নেওয়া হবে বলে জানান তিনি।

আইপিইউ মহাসচিবের সঙ্গে বৈঠকের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সংসদে তরুণ সংসদ সদস্যদের উপস্থিতি অত্যন্ত ইতিবাচকভাবে দেখেছেন আন্দা ফিলিপ। বাংলাদেশের সংসদে তরুণদের অংশগ্রহণকে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি।  

পাশাপাশি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সংসদীয় ফোরামগুলোর সহযোগিতা ও সমর্থন আদায়ের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পেয়েছে।

বৈঠকে বাংলাদেশের সংসদ ও আইপিইউর মধ্যকার সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দেশের সংসদীয় কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে আন্তর্জাতিক এই ফোরামের সঙ্গে কাজের পরিধি বাড়াতে আগ্রহী সরকার।