চলতি অর্থবছরের মধ্যেই দেশের পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এসব নির্বাচনের জন্য বাজেটে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানান তিনি।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন প্রতিমন্ত্রী।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের (ইসি) সাথে এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিল ও সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করবে ইসি। ইসির সাথে বৈঠকের পরই মন্ত্রণালয় থেকে নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে।
বৈঠকে পানি সরবরাহ খাতে ডেনমার্কের সহায়তার বিষয়টিও গুরুত্ব পায়। প্রতিমন্ত্রী জানান, রাজধানী ঢাকার পানি সরবরাহ ব্যবস্থাপনা উন্নত করতে ডেনমার্ক সহযোগিতা করবে। বিশেষ করে সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ফেজের কাজ শেষ করতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে দেশটি। ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই শোধনাগারে ডেনমার্ক সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা করবে, যার মধ্যে ১ হাজার ৫০০ কোটি টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। বাকি ৩ হাজার কোটি টাকা আগামী ২০ বছরে ধাপে ধাপে পরিশোধ করবে সরকার, ফলে সরকারের ওপর বাড়তি আর্থিক চাপ পড়বে না।
এই প্রকল্প বাস্তবায়িত হলে মেঘনা নদী থেকে প্রতিদিন ৯৫ কোটি লিটার পানি শোধন করা সম্ভব হবে। এছাড়া, বৈঠকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে ১০০ কোটি টাকা সহায়তার ঘোষণা দিয়েছে ডেনমার্ক।