Corporate Sangbad
জাতীয়

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬, ৪:৫১ অপরাহ্ন ·

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৩২টি শিশু।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে শুধু ঢাকা বিভাগেই ৩ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে সিলেট ও চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গে একজন করে আরও ২ জনের মৃত্যু হয়েছে। 

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮৩৯টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৯টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৯৩৮টি শিশু মারা গেছে।

প্রতিবেদনে বলা হয়, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৭২ শিশু মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই রয়েছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৪১ শিশু। এ ছাড়া বরিশালে ৪৯, চট্টগ্রামে ৬৪, খুলনায় ৩৩, ময়মনসিংহে ৭৪, রাজশাহীতে ৯২ ও রংপুর বিভাগে ১৪ শিশু মারা গেছে।এছাড়া, ২৪ ঘণ্টায় ৮৩টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা এক হাজার ১৪৯। এ সময়ে এক হাজার ৫৫টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৪৬টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ৫০ হাজার ৬৫২, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৪৮৭। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট এক লাখ ৩১ হাজার ৬৬৪ রোগী, যাদের মধ্যে এক লাখ ২৬ হাজার ৯২১ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।