Corporate Sangbad
সারাদেশ

ধর্ষণের খবর প্রকাশের মামলায় দুই মাস পর কারামুক্ত সাংবাদিক রাব্বি

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন · সিরাজগঞ্জ প্রতিনিধি

ধর্ষণের ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের জেরে করা মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় দুই মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক রাব্বি হাসান হৃদয়। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় দিনাজপুর জেলা কারাগার থেকে তিনি জামিনে বের হন।

রাব্বি হাসান হৃদয় দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে সিরাজগঞ্জ জেলায় দায়িত্ব পালন করছেন।

মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রাব্বি হাসান হৃদয়ের বিরুদ্ধে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করা হয়। মামলায় তার বিরুদ্ধে ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(২)-৫ ও ৭ ধারায় অভিযোগ আনা হয়।

এর পরিপ্রেক্ষিতে গত ২৪ জুন সন্ধ্যায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সীমান্তবাজার এলাকা থেকে র‍্যাব-১২-এর সদস্যরা সাংবাদিক হৃদয়কে আটক করেন। পরে তাকে দিনাজপুরের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে আদালতের আদেশে তিনি কারাগারে যান।

সাংবাদিক হৃদয়ের দাবি, তাকে আটকের সময় মামলার কোনো তদন্ত বা গ্রেপ্তারি পরোয়ানা ছিল না। বিষয়টি নিয়ে দেশের বিভিন্ন স্থানে কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়। সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ও সহকর্মীরা ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং সাংবাদিক হৃদয়ের আইনি অধিকার নিশ্চিত করার দাবি জানান।

দীর্ঘ প্রায় দুই মাস কারাভোগের পর অবশেষে জামিনে মুক্তি পেলেন কালের কণ্ঠের এই মাল্টিমিডিয়া রিপোর্টার।

কারাগার থেকে মুক্তির পর সাংবাদিক রাব্বি হাসান হৃদয় বলেন, সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়ে তিনি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, তা তার জন্য অত্যন্ত কষ্টকর। তবে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে তিনি ভবিষ্যতেও দায়িত্বশীল থাকার প্রত্যয় ব্যক্ত করেন।