Corporate Sangbad
জাতীয়

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৫ জনের

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৬, ৭:০৯ অপরাহ্ন ·

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে মোট প্রাণহানি ৮২ জনে দাঁড়াল। অন্যদিকে গত একদিনে নতুন করে ৮৩৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে নিয়মিত বার্তায় এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ৪ জন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে ময়মনসিংহ বিভাগে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি (২৮৭ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ১৫৯ জন ছাড়াও বরিশাল বিভাগে ১১৭, চট্টগ্রাম বিভাগে ১০০, ময়মনসিংহ বিভাগে ৭৯, রাজশাহী বিভাগে ৭১, রংপুর বিভাগে ২৩ এবং সিলেট বিভাগে ডেঙ্গু নিয়ে ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে রোববার পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৮২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ৩৯ জন মারা গেছেন। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯২৯ জনে। এদের মধ্যে এখন পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ২৬ হাজার ৮৯৬ জন।

এছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ১৬ জন ছাড়াও বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ৮ জন করে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ৪ জন এবং রংপুর ও সিলেট বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯৫১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন বর্তমানে।