Corporate Sangbad
সারাদেশ

রংপুরে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন · নিজস্ব প্রতিবেদক

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষকসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে তালাবদ্ধ বাড়িটির তালা ভেঙে মরদেহগুলো উদ্ধার করা হয়। 

নিহত ব্যক্তিরা হলেন- রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) এবং ছোট ছেলে প্রীয়ম চক্রবর্তী (১২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে বাড়িটি ভেতর থেকে তালাবদ্ধ ছিল। শনিবার রাতে বিষয়টি নিয়ে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চারজনের মরদেহ দেখতে পায় এবং তা উদ্ধার করে। তবে কীভাবে বা কী কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

রংপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের জানিয়েছেন, শিক্ষক গণপতি চক্রবর্তীর মরদেহ বাড়ির ছাদ থেকে, তার স্ত্রী ও মেয়ের মরদেহ তিনতলায় ওঠার সিঁড়ি থেকে এবং ছেলের মরদেহ খাটের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। 

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে ডাকাতির ঘটনা বলে ধারণা করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে কিভাবে এবং কেন চারজনকে হত্যা করা হয়েছে, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

নিহত প্রীতিলতা চক্রবর্তীর বোন পূজা চক্রবর্তী জানান, গত বৃহস্পতিবার রাতে সর্বশেষ মুঠোফোনে তাদের সঙ্গে কথা হয়েছিলো। এরপর শনিবার পরিবারের সদস্যদের ফোনে যোগাযোগের চেষ্টা করেও কাউকে না পেয়ে রাতে স্বামীকে সঙ্গে নিয়ে তিনি ওই বাড়িতে যান। সেখানে গিয়ে প্রধান গেট বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে কোতোয়ালি থানায় যোগাযোগ করতে বলা হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের জানান, খবর পেয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য মরদেহগুলো ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গণপতি চক্রবর্তী গত বছরের ডিসেম্বরে রংপুর জিলা স্কুল থেকে শিক্ষকতা পেশা থেকে অবসর নেন। অবসরের পর তিনি রংপুর সমবায় মার্কেটে একটি হোমিওপ্যাথি চেম্বারে নিয়মিত চিকিৎসাসেবা দিতেন। তার মেয়ে প্রার্থী চক্রবর্তী কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। সম্প্রতি তিনি মাস্টার্স সম্পন্ন করেন। আর ১২ বছর বয়সী ছেলে প্রীয়ম চক্রবর্তী পড়ত রংপুর জিলা স্কুলের পঞ্চম শ্রেণিতে।