Corporate Sangbad
জাতীয়

তথ্যমন্ত্রীর পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৬, ৬:৫০ অপরাহ্ন ·

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জহির উদ্দিন স্বপন। পদত্যাগের পর তাকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

শনিবার (২২ আগস্ট) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। এই পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।’

মন্ত্রিপরিষদ বিভাগের এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জহির উদ্দিন স্বপনকে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর রুল ৩বি(১) ও ৩বি(২) অনুযায়ী প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালে তিনি মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

অন্যদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান।

শুক্রবার (২১ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩(৪) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী এই দাপ্তরিক দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করেছেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জহির উদ্দিন স্বপন বরিশাল-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনের পর চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বাধীন সরকারে তাকে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়।