Corporate Sangbad
জাতীয়

সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলেই জরিমানা: ই-রিকশা নিবন্ধনে নতুন কড়াকড়ি

প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬, ১২:২৯ অপরাহ্ন ·

ব্যাটারিচালিত ই-রিকশা বা অটোরিকশায় সৌরবিদ্যুতের পরিবর্তে অন্য কোনো উৎস থেকে বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দিলে জরিমানার বিধান রাখা হচ্ছে। পাশাপাশি, সৌরবিদ্যুৎ ব্যবহার বাধ্যতামূলক করে সংশ্লিষ্ট বিধিমালায় নতুন শর্ত যুক্ত করা হচ্ছে। শর্ত না মানলে এসব যানের নিবন্ধন দেওয়া হবে না এবং নিবন্ধিত কোনো অটোরিকশাও পরবর্তীতে নবায়ন করা হবে না।

সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের সৌরবিদ্যুৎ ব্যবহারসংক্রান্ত পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী জানান, ব্যাটারিচালিত ই-রিকশাগুলোকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি করপোরেশন ও পৌরসভার নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। নিবন্ধনের শর্ত হিসেবে অবশ্যই সৌরবিদ্যুৎ দিয়ে চার্জ দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। সৌরবিদ্যুতের বাইরে অন্য কোনো উপায়ে চার্জ দিলে যেমন নিবন্ধন ও নবায়ন বাতিল হবে, তেমনি এর জন্য নির্দিষ্ট জরিমানার বিধানও আইনে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, এখন থেকে এসব ই-রিকশার নিবন্ধন বিআরটিএ (BRTA) দেবে না; বরং সিটি করপোরেশন ও পৌরসভাগুলোই এই নিবন্ধন প্রদান করবে। জাতীয় সংসদে এসংক্রান্ত আইন পাস হয়েছে এবং বর্তমানে সেই আইনের আলোকে বিধিমালা তৈরির কাজ চলছে। নতুন এই বিধিমালায় নিবন্ধন ফি, নবায়ন ফি এবং অন্যান্য শর্ত স্পষ্টভাবে নির্ধারণ করা হবে।

ফিটনেস সনদ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, ই-রিকশার নিবন্ধন ও নবায়নের ক্ষেত্রে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অথবা জেলা পর্যায়ের সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অটোমোবাইল শাখা থেকে ফিটনেস সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক করা হবে। বুয়েট বা পলিটেকনিক্যালের এই সার্টিফিকেটের পর ট্রাফিক পুলিশের প্রতিস্বাক্ষর নিয়ে তা সংশ্লিষ্ট সিটি করপোরেশন বা পৌরসভায় জমা দিতে হবে।