প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নেমে ইতিহাস গড়ল টাইগাররা। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। টেস্ট ইতিহাসে অসিদের বিপক্ষে এটি দ্বিতীয় জয় বাংলাদেশের। ২০১৭ সালে ঘরের মাঠ মিরপুরে অস্ট্রেলিয়াকে প্রথম হারিয়েছিল টাইগাররা।
ডারউইনের মারারা স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টের প্রথম ইনিংসে ২২৮ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ১৬১ রান করেছিল অস্ট্রেলিয়া। ৬ উইকেট হাতে নিয়ে তখনও ৬৭ রানে পিছিয়ে ছিল অসিরা। ক্যামেরন গ্রিন ৪৩ ও অ্যালেক্স ক্যারি ১৯ রানে অপরাজিত ছিলেন।
চতুর্থ দিন ক্যারিকে ৩০, বো ওয়েবস্টারকে ৫, অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে ৮ রানে বিদায় করেন বাংলাদেশ স্পিনার মেহেদি হাসান মিরাজ। মিচেল স্টার্ককে ১৮ রানে তাসকিন আহমেদ এবং সেঞ্চুরিয়ান ক্যামেরন গ্রিনকে ১০৪ রানে থামান হাসান মাহমুদ।
অস্ট্রেলিয়ার শেষ ব্যাটার নাথান লায়নকে ১৫ রানে লেগ বিফোর আউট করেন মিরাজ। ফলে ২৮৪ রানে গুটিয়ে যায় অসিরা। এতে জয়ের জন্য বাংলাদেশকে ৫৭ রানের টার্গেট দিতে পারে অস্ট্রেলিয়া। বল হাতে বাংলাদেশের মিরাজ ৬৬ রানে ৫টি, হাসান মাহমুদ ৩টি ও তাইজুল ইসলাম-তাসকিন ১টি করে উইকেট নেন।
আজ শনিবার (১৬ আগস্ট) জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ওভারে অস্ট্রেলিয়ার পেসার হ্যাজেলউডের শিকার হয়ে খালি হাতে সাজঘরে ফিরেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান।
এরপর দ্বিতীয় উইকেটে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১৪.২ ওভারে বাংলাদেশকে ঐতিহাসিক টেস্ট জয়ের স্বাদ দেন ওপেনার সাদমান ইসলাম ও মোমিনুল হক।
সাদমান ৪টি চারে ২৫ এবং ২ বাউন্ডারিতে মোমিনুল ৩০ রানে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার হ্যাজেলউড ১ উইকেট নেন। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১৯৮ ও বাংলাদেশ ৪২৬ রান করেছিল। ২২ আগস্ট থেকে ম্যাকাইয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া (প্রথম ইনিংস) : ৫৩ ওভারে ১৯৮/১০ (হেড ২২, ওয়েদেরল্ড ২৩, লাবুশেন ১, স্মিথ ৭১, গ্রিন ১৩, কেয়ারি ১৯, ওয়েবস্টার ১২, কামিন্স ৯, স্টার্ক ১, লায়ন ৭, হেইজেলউড ৪*; তাসকিন ১৬-২-৫৫-২, হাসান মাহমুদ ১৭-৩-৫৫-৬, ইবাদত ১১-২-৩৯-২, মিরাজ ৪-০-১২-০, তাইজুল ৫-০-২৪-০)
বাংলাদেশ (প্রথম ইনিংস) : ১৩৮ ওভারে ৪২৬/১০ (সাদমান ২০, তামিম ১০১, মুমিনুল ৪৯, শান্ত ৮৪, মুশফিক ৩৬, লিটন ০, মিরাজ ৬৫, হাসান ১৪, তাইজুল ১৭, ইবাদত ৭, তাসকিন ১৪*; স্টার্ক ২৬-৩-৭৯-২, হ্যাজলউড ২৮-৩-৮৯-৬, গ্রিন ১০-২-৩৪-০, কামিন্স ২৭-৪-৭৫-১, লায়ন ৩১-৪-১০২-১, ওয়েবস্টার ১০-১-২৮-০, হেড ২-০-৪-০, লাবুশেন ৪-১-৪-০
অস্ট্রেলিয়া (দ্বিতীয় ইনিংস) : ৯৫.১ ওভারে ২৮৪/১০ (ওয়েদারাল্ড ০, হেড ১৭, লাবুশেন ৩১, স্মিথ ৪৪, ক্যারি ৩০, ওয়েবস্টার ৫, কামিন্স ৮, স্টার্ক ১৮, গ্রিন ১০৪, লায়ন ১৫, হ্যাজলউড ০*; তাসকিন ১৮-৩-৬৬-‘, হাসান ১৯-৩-৫৬-৩, ইবাদত ৮-০-৩৮-০, তাইজুল ১৭-১-৫১-১, মিরাজ ৩৩.১-৬-৬৬-৫)
বাংলাদেশ (দ্বিতীয় ইনিংস) : ১৪.২ ওভারে ৫৭/১ (তামিম ০, সাদমান ২৫*, মুমিনুল ৩০*; স্টার্ক ৪-০-১৫-০, হ্যাজলউড ৩-১-৫-১, লায়ন ৫-০-২৩-০, ওয়েবস্টার ২.২-০-১২-০
ম্যাচ : বাংলাদেশ ৯ উইকেটে জয়ী
ম্যাচ সেরা : হাসান মাহমুদ
সিরিজ : দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে