Corporate Sangbad
জাতীয়

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬, ১:২৩ অপরাহ্ন ·

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে দলের মহাসচিব পদ ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান  দলের স্থায়ী কমিটির এক বৈঠকে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

প্রধানমন্ত্রী যখন রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম প্রস্তাব করেন, তখন বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা সর্বসম্মতভাবে সেই প্রস্তাব অনুমোদন করেন। পরবর্তীতে তিনি দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে মনোনয়ন পত্র গ্রহণ করেন।

বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের বৈঠক কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বিএনপির স্থায়ী কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। একইসঙ্গে দলের সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন।

এদিকে আজ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে প্রধান নির্বাচন কমিশনারের হাতে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপির নেতারা।

বৃহস্পতিবার দুপুরে এ মনোনয়নপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা, সিইসি এ এম এম নাসির উদ্দিন।

‘ঘোষণা ও বিবৃতিসহ’ মনোনীত প্রার্থীর সই, প্রস্তাবক ও সমর্থকের নাম, ঠিকানা, সই সম্বলিত মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। 

দুপুর আড়াইটায় মনোনয়নপত্র নিয়ে নির্বাচন ভবনে আসেন বিএনপির জ্যেষ্ঠ নেতা আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, শহীদ উদ্দিন চৌধুরী, হাবিব উন নবী খান সোহেলসহ প্রতিনিধি দল। মনোনয়নপত্র গ্রহণকালে সিইসির সঙ্গে ইসি সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।

সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, কোন নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হইয়া কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে তিনি যদি-(ক) উক্ত দল হইতে পদত্যাগ করেন, অথবা (খ) সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন, তাহা হইলে সংসদে তাহার আসন শূন্য হইবে, তবে তিনি সেই কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হইবার অযোগ্য হইবেন না।

এর আগে দুপুর পৌনে ১২টার দিকে রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) ওলি আহমদের মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। অলি আহমদের মনোনয়নপত্রে প্রস্তাবক হয়েছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সমর্থক হিসেবে রয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির নেতা আব্দুল্লাহ আল আমিন।

প্রসঙ্গত, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টা। নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, এদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। ভোটগ্রহণ হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে।

এর আগে গত ২৪ জুলাই বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন। প্রায় তিন বছর দায়িত্ব পালন করেন তিনি। তার পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।