কর্মস্থলে অনুপস্থিতির কারণে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই সহকারী পুলিশ কমিশনার গোলাম রুহানী ও আলোচিত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী চাকরি থেকে বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন– কক্সবাজার ৮ এপিবিএনের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাশ, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার গোলাম রুহানী, খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের উপপুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীম, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও সুদীপ কুমার চক্রবর্তী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপন অনুযায়ী, বরখাস্ত হওয়া এই ৬ কর্মকর্তা দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত। এর প্রেক্ষিতে শোকজের পাশাপাশি তাদের কর্মস্থলে হাজির হতে নির্দেশনা দেয়া হয়। তবে এরপরও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই কর্মস্থলে অনুপস্থিতির মেয়াদ ৬০ দিনের বেশি হওয়ায় তাদের বিরুদ্ধে অননুমোদিত কর্মস্থলে অনুপস্থিতি ও পলায়নের অভিযোগে বিভাগীয় মামলা করা হয়।
পরবর্তীতে বিভাগীয় মামলার তদন্তে তাদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩ (খ) ও ৩ (গ) অনুযায়ী ‘অসদাচরণ’ ও ‘পলায়নের’ অভিযোগ প্রমাণিত হয়। এরই ধারাবাহিকতায় বিধি অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মতামতের ভিত্তিতে ‘গুরুদণ্ড’ হিসেবে তাদের চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়। সবশেষ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৪ (৬) বিধি অনুসারে নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে রাষ্ট্রপতি কর্তৃক তাদের ‘চাকরি থেকে বরখাস্তকরণের’ গুরুদণ্ড দেয়ার সিদ্ধান্ত অনুমোদিত হয়।
প্রজ্ঞাপনগুলো দেখতে এখানে ক্লিক করুন।