Corporate Sangbad
কর্পোরেট

এডিবি অর্থায়িত নেসকো প্রকল্পে এডেক্স কর্পোরেশনকে ট্রান্সফরমার সরবরাহ করবে এনার্জিপ্যাক

প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ন ·

এডেক্স কর্পোরেশনের সঙ্গে ৫০ লাখ মার্কিন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড। চুক্তির আওতায় এডেক্স কর্পোরেশনকে ১৫টি ২০/২৮ এমভিএ ট্রান্সফরমার সরবরাহ করবে এনার্জিপ্যাক।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) একটি প্রকল্পে এসব ট্রান্সফরমার সরবরাহ করা হবে।

রাজধানীর তেজগাঁওয়ে এডেক্স কর্পোরেশনের প্রধান কার্যালয়ে আয়োজিত সম্প্রতি এক অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সিইও ও পরিচালক ইঞ্জিনিয়ার রবিউল আলম এবং এডেক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলী আজম উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় নেসকোর প্রকল্পে ১৫টি ২০/২৮ এমভিএ ট্রান্সফরমার সরবরাহ করবে এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড। দেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন ও সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে এ অংশীদারিত্ব। চুক্তিটির মোট মূল্য প্রায় ৫০ লাখ মার্কিন ডলার।

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ইঞ্জিনিয়ারিং ও বিদ্যুৎ অবকাঠামো প্রতিষ্ঠান এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড। ট্রান্সফরমার, সাবস্টেশন ও সুইচগিয়ারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জামের ডিজাইন, উৎপাদন, সরবরাহ, স্থাপন ও কমিশনিংয়ের কাজ করে প্রতিষ্ঠানটি।

আধুনিক উৎপাদন সুবিধা, প্রকৌশল দক্ষতা ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে দেশের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ ও অবকাঠামো প্রকল্পে বিভিন্ন সমাধান দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।