কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে—এমন খবর সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার (১২ আগস্ট) রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে মন্ত্রী স্পষ্ট করে বলেন, "এটি গুজবের একটি অংশ।" এছাড়া ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, দুই দেশের মধ্যে এমন কোনো জটিলতা নেই যা আলোচনা ও সহযোগিতার মাধ্যমে সমাধান করা সম্ভব নয়।
অনুষ্ঠানে দেশের তরুণ সমাজ ও আধুনিক প্রযুক্তি নিয়ে কথা বলতে গিয়ে তথ্যমন্ত্রী বলেন, তরুণরাই একটি দেশ ও জাতির মূল শক্তি এবং দেশের জন্য বড় আশীর্বাদ। বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবিলায় তারা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাদের সঠিক দক্ষতা ও শিক্ষা প্রদান করা গেলে তারা দেশের অর্থনীতিতে অনন্য অবদান রাখবে।
বর্তমান বিশ্বব্যবস্থার কথা উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ এবং বিশ্ব ইতোমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে প্রবেশ করেছে। তরুণদের এই শক্তিমত্তা দেশের উন্নতিতে ইতিবাচক মাত্রা যোগ করছে উল্লেখ করে তিনি জানান, বর্তমান সরকার তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে ইতোমধ্যে একাধিক যুগান্তকরী পদক্ষেপ গ্রহণ করেছে।