Corporate Sangbad
আন্তর্জাতিক

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন ·

সৌ‌দি আর‌বের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগের বাড়ি নওগাঁ, নাটোর ও রাজশাহী এলাকায়।

স্থানীয় সময় রোববার (৯ আগস্ট) দুপুরের দিকে রিয়াদের মুসা সানিয়া এলাকায় একটি সোফা কারখানায় ভয়াবহ  এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, ওই কারখানাটিতে ১৭ জন বাংলাদেশি শ্রমিক কাজ করতেন। ১৭ জনের মধ্যে ১৬ জন কেউ আগুনে দগ্ধ হয়ে আবার কেউ ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা গেছেন। বাকি একজন হাবিবুর রহমান সেলুনে শেভ করতে যাওয়ায় অগ্নিকাণ্ডের সময় কারখানায় ছিলেন না বলে বেঁচে যান।

নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁ জেলার আত্রাই থানায়। বাকি তিন জনের দুজন নাটোরের এবং একজন রাজশাহীর বাগমারা থানার বাসিন্দা বলে জানা গেছে।

নিহতদের মধ্যে নওগাঁ জেলার আত্রাই উপজেলার উজানপই গ্রামের ফরিদ, ডুবাই গ্রামের শুভ ও সুমন, গন্ডগোহালী গ্রামের মো. রুবেল প্রামাণিক (বাবা সাইদুর রহমান), মো. কলিমউদ্দিন (বাবা মৃত বজলুর প্রামাণিক), মো. মোহন (বাবা গুফফার প্রামাণিক), মো. সুমন (বাবা গুফফার প্রামাণিক) ও মিনহাজ। বোয়ালা গ্রামের হৃদয়, নওগাঁ সদরের শাহিন, খরস্রোতা গ্রামের আব্দুল জলিল ও মজিদুল (বাবা মজনু) এবং সাদনগর গ্রামের সাগর রয়েছেন। তবে মিনহাজের সুনির্দিষ্ট গ্রামের নাম এখনও জানা যায়নি।

নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার দিঘীরপাড় গ্রামের শামিম ও খাজুরা গ্রামের সাব্বির এবং রাজশাহী জেলার বাগমারা উপজেলার মরুগ্রাম ও ডাংগাপাড়া গ্রামের শ্যামল এই দুর্ঘটনায় নিহত হয়েছেন।

এদিকে সৌদি আরবের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শোকবার্তায় মন্ত্রী বলেন, জীবিকার তাগিদে সুদূর সৌদি আরবে কর্মরত আমাদের এই প্রবাসী ভাইদের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। দেশের অর্থনীতিতে তাদের অবদান অপরিসীম। তাদের এই আকস্মিক প্রয়াণে আমি গভীর শোকাহত এবং নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

তিনি আরও জানান, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহত প্রবাসী ভাইদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের এই অসীম কষ্ট সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।