Corporate Sangbad
খেলাধুলা

চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় হ্যাজেলউড, লক্ষ্য বাংলাদেশ সিরিজ

প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন · স্পোর্টস ডেস্ক

হ্যামস্ট্রিং ও পেশির চোটে দীর্ঘ দিন মাঠের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের অপেক্ষায় আছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার জশ হ্যাজেলউড। আসন্ন বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই আবারও জাতীয় দলের জার্সিতে ফিরতে মরিয়া এই পেসার।

গত বছরের নভেম্বর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন হ্যাজেলউড। যদিও চলতি বছরের এপ্রিল-মে মাসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলেছেন তিনি, তবে এখনও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হয়নি।

আসন্ন সিরিজের আগে প্রস্তুতিতে কোনো কমতি রাখছেন না হ্যাজেলউড। গত কয়েক সপ্তাহ ধরে ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। নিজের প্রস্তুতি নিয়ে এই পেসার জানান, ‘দীর্ঘদিন পর এমন দুর্দান্ত প্রস্তুতির সুযোগ পেয়েছি। টানা দুদিন ধরে বোলিং সেশনসহ টেস্ট ম্যাচের আবহ তৈরি করে অনুশীলন করছি।’

তার মূল লক্ষ্য যে বাংলাদেশের বিপক্ষেই মাঠে নামা, তা স্পষ্ট করে হ্যাজেলউড বলেন, ‘ধাপে ধাপে নিজেকে প্রস্তুত করছি। আমার এখন একমাত্র লক্ষ্য প্রথম টেস্ট খেলা এবং ভালো কিছু উপহার দেওয়া।’

দীর্ঘদিন পর দলে ফিরলেও একাদশে জায়গা পাওয়া সহজ হবে না, তা ভালোভাবেই জানেন এই পেসার। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ডের মতো বোলারদের সঙ্গে দলে জায়গা পেতে লড়তে হবে তাকে। তবে স্কট বোল্যান্ডকে প্রতিদ্বন্দ্বী না ভেবে সতীর্থ হিসেবেই দেখছেন তিনি। বোল্যান্ডের প্রশংসা করে হ্যাজেলউড বলেন, ‘সে যখনই সুযোগ পেয়েছে, দারুণ পারফর্ম করেছে। বয়সের সাথে সাথে তার বোলিং আরও ধারালো হচ্ছে।’

এদিকে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে ব্যক্তিগত এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন হ্যাজেলউড। টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেটের ক্লাবে প্রবেশ করতে তার প্রয়োজন মাত্র ৫ উইকেট। এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার মাত্র আটজন বোলার ও ছয়জন পেসার টেস্টে তিনশ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন।