Corporate Sangbad
জাতীয়

দেশের বাজারে ২৬টি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, শিশুদের ৪ ব্র্যান্ডেও মিলল ক্ষতিকর কণা

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ২:৪২ অপরাহ্ন ·

দেশের বাজারে প্রচলিত ৩৪টি বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্টের ওপর দীর্ঘ এক বছর গবেষণা চালিয়ে ২৬টিতেই মানবদেহের জন্য ক্ষতিকর ক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়ার তথ্য জানিয়েছে পরিবেশ বিষয়ক গবেষণা সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো)। পরীক্ষার ফলাফলে দেখা গেছে, প্রতিটি টুথপেস্টে ১০০ গ্রামে সর্বনিম্ন ২০টি থেকে শুরু করে সর্বোচ্চ ৩২০টি পর্যন্ত প্লাস্টিকের কণা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্লাস্টিকের কণা পাওয়া গেছে ‘মেডিপ্লাস ফ্লুরিড জেল’-এ।

রোববার (২৬ জুলাই) রাজধানীর লালমাটিয়ায় এসডোর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গবেষণার এই বিস্তারিত ফলাফল প্রকাশ করা হয়।

বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক

এসডো জানায়, দেশজুড়ে ২ হাজার ৭৬০ জন ভোক্তার ওপর একটি বিস্তারিত সমীক্ষা চালানোর পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের ‘এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ইকোটক্সিকোলজি ল্যাবরেটরি’-তে এই বৈজ্ঞানিক পরীক্ষা সম্পন্ন হয়। গবেষণায় স্টিরিওমাইক্রোস্কোপি ও ফুরিয়ার ট্র্যান্সফর্ম ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি (FTIR) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

কোন দেশের টুথপেস্টে কী পরিমাণ মাইক্রোপ্লাস্টিক?
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, উৎস ও উৎপাদনের ওপর ভিত্তি করে বিভিন্ন দেশের টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি ভিন্ন ভিন্ন মাত্রায় পাওয়া গেছে:

বাংলাদেশ: দেশটিতে উৎপাদিত ২৫টি ব্র্যান্ডের টুথপেস্ট পরীক্ষা করে ২২টিতেই মাইক্রোপ্লাস্টিক মিলেছে।

ভারত: আমদানিকৃত ৫টি ব্র্যান্ডের মধ্যে ১টিতে প্লাস্টিক কণা শনাক্ত হয়েছে।

থাইল্যান্ড: আমদানিকৃত ২টি ব্র্যান্ডের মধ্যে ১টিতে এর উপস্থিতি পাওয়া গেছে।

ভিয়েতনাম: আমদানিকৃত ২টি ব্র্যান্ডের দুটিতেই (শতভাগ) মাইক্রোপ্লাস্টিক মিলেছে।

সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো, শিশুদের ব্যবহারের জন্য তৈরি বিশেষ ৬টি টুথপেস্টের মধ্যে ৪টিতেই এই ক্ষতিকর প্লাস্টিকের কণা শনাক্ত করা হয়েছে।

কোন ব্র্যান্ডে কত প্লাস্টিক কণা?
প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে পাওয়া মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ তুলে ধরে প্রতিবেদনে জানানো হয়:

মেডিপ্লাস ফ্লুরিড জেল: ৩২০টি (সবচেয়ে বেশি)

ক্লোজ আপ রেড হট: ১৬০টি

ক্লোজ আপ মেন্থল ফ্রেশ: ১৬০টি

কুডুমু আল্ট্রা শিল্ড ফর্মুলা স্ট্রবেরি: ১৪০টি

সিগন্যাল গ্রিন টি: ১২০টি

পেপসোডেন্ট অ্যাডভান্স সল্ট: ১০০টি

হিমালয়া কমপ্লিট কেয়ার: ১০০টি

সেনসোডাইন ফ্রেশ মিন্ট: ৮০টি

শিশুদের টুথপেস্টে ক্ষতিকর কণা
শিশুদের সুরক্ষাকে চ্যালেঞ্জ করে বাজারে থাকা শিশুদের বিশেষ টুথপেস্টেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি উদ্বেগজনক। এর মধ্যে রয়েছে:

কুডুমু আল্ট্রা শিল্ড ফর্মুলা (স্ট্রবেরি): ১৪০টি

মেরিল বেবি (স্ট্রবেরি): ৬০টি

মেরিল বেবি (অরেঞ্জ): ৪০টি

পেপসোডেন্ট কিড (অরেঞ্জ): ২০টি

যে টুথপেস্টগুলোতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি
স্বস্তির বিষয় হলো, পরীক্ষিত সব টুথপেস্টে প্লাস্টিক কণা মেলেনি। গবেষণায় দেখা গেছে, কিছু ব্র্যান্ড সম্পূর্ণ নিরাপদ রয়েছে। এর মধ্যে রয়েছে দেশীয় ব্র্যান্ড জেনফ্রেশ, প্যারাস্যুট জাস্ট ফর বেবি (ম্যাঙ্গো) এবং ক্লোজ আপ রেড হট জিংক ফ্রেশ টেকনোলজি। পাশাপাশি শিশুদের জন্য বাইরে থেকে আমদানিকৃত কুডুমু অরেঞ্জ টুথপেস্টেও কোনো ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক ধরা পড়েনি বলে নিশ্চিত করেছে এসডো।

বিশেষজ্ঞদের মতে, টুথপেস্টের মতো প্রাত্যহিক ও অপরিহার্য পণ্যে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি মানবস্বাস্থ্য এবং সামগ্রিক পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এই পরিস্থিতিতে জনস্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।