Corporate Sangbad
বিনোদন

প্রেমিকাকে বিয়ে করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ৬:০৯ অপরাহ্ন · বিনোদন ডেস্ক

পর্দার সামনে লাখ লাখ ডলারের জমকালো প্রজেক্ট আর বিশাল সব আয়োজনের জন্য পরিচিত হলেও, নিজের জীবনের সবচেয়ে বিশেষ দিনটিতে সব ধরনের আড়ম্বর ও ক্যামেরার ফ্ল্যাশলাইট থেকে দূরে থাকলেন বিশ্বখ্যাত ইউটিউবার জিমি ডোনাল্ডসন, যিনি ‘মিস্টার বিস্ট’ নামেই বিশ্বজুড়ে পরিচিত।

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘদিনের প্রেমিকা থিয়া বয়সেনের সঙ্গে অত্যন্ত নিরিবিলি ও ব্যক্তিগত পরিবেশে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ২৮ বছর বয়সী এই তারকা।  

মঙ্গলবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে ভক্তদের এই সুখবরটি দেন তিনি।

ক্যাপশনে তিনি লিখেছেন, “আমি মিসেস বিস্টকে খুঁজে পেয়েছি, এবং এটি আমার জীবনের সেরা দিন ছিল।”  

জিমি ডোনাল্ডসন, অর্থাৎ মিস্টার বিস্ট হলেন বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ও জনপ্রিয় ইউটিউবার এবং কনটেন্ট ক্রিয়েটর, যিনি ইউটিউবের দুনিয়ায় তাঁর আকাশচুম্বী বাজেট ও রুদ্ধশ্বাস সব ভিডিওর জন্য বিশ্বজুড়ে সমাদৃত।

অন্যদিকে, তাঁর জীবনসঙ্গী থিয়া বয়সেন একজন খ্যাতনামা কনটেন্ট ক্রিয়েটর, টুইচ স্ট্রিমিং তারকা, লেখক ও উদ্যোক্তা। তিনি এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে ‘হিউম্যান কগনিটিভ নিউরোসাইকোলজি’-তে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং ‘দ্য মার্কড চিলড্রেন’ নামক বইয়ের লেখক।  

দক্ষিণ আফ্রিকায় এক সাধারণ বন্ধুর সূত্রে তাদের পরিচয় হয়। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ থিয়ার বই পড়ার আগ্রহ প্রকাশের মাধ্যমে শুরু হওয়া সেই সামান্য আলাপচারিতাই একসময় রূপ নেয় গভীর প্রেমে। ২০২৪ সালের ডিসেম্বরে ক্রিসমাসের দিন পরিবারের উপস্থিতিতে অত্যন্ত ঘরোয়াভাবে বাগদান সেরেছিলেন তারা।  

অবশেষে গত ১৪ জুলাই থেকে শুরু হয়ে এক সপ্তাহব্যাপী চলা এই বিশেষ বিবাহ উৎসবের মূল আয়োজনটি সম্পন্ন হয় ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জের বিখ্যাত শিল্পপতি রিচার্ড ব্র্যানসনের মালিকানাধীন ৭৪ একরের ব্যক্তিগত দ্বীপ ‘নেকার আইল্যান্ড’-এ। এই নিরিবিলি আয়োজনে শুধু দুই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু মিলে মাত্র ৭০ জন অতিথি উপস্থিত ছিলেন।

বিয়ের এই পুরো অনুষ্ঠানটিতে কোনো লাইভস্ট্রিম বা ইউটিউবের ক্যামেরা ছিল না, ছিল কেবল একান্ত কিছু মুহূর্ত। বিয়েতে বর জিমি ডোনাল্ডসন পরেছিলেন রালফ লরেন (Ralph Lauren)-এর আকর্ষণীয় টাক্সিডো এবং কনে থিয়া বয়সেন পরেছিলেন ‘নিকোল + ফেলিশিয়া কুউচার’ (Nicole + Felicia Couture)-এর কাস্টম ডিজাইনের চমৎকার একটি বিয়ের পোশাক। দ্বীপটিতে উদযাপিত এই বিবাহ উৎসবে অতিথিরা কাইটসার্ফিং, স্নরকেলিং এবং দ্বীপের বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। দম্পতির প্রথম নাচের গান হিসেবে বাজানো হয় লেডি গ্যাগা ও ব্রুনো মার্সের বিখ্যাত গান ‘ডাই উইথ আ স্মাইল’।

সংবর্ধনা অনুষ্ঠানে সুশি, ওয়াগিউ বিফ ও সামুদ্রিক মাছের সুস্বাদু খাবারের পাশাপাশি থিয়ার পছন্দের ক্যারেট কেক রাখা হয়েছিল।  জীবনের এই নতুন অধ্যায় শুরু করার পর এই জনপ্রিয় যুগল তাদের চেনা ভুবনে ফিরে গেছেন এবং ভক্তদের ভালোবাসায় নতুন যাত্রার জন্য প্রস্তুত হচ্ছেন।