Corporate Sangbad
ধর্ম-জীবন

২০২৭ সালের হজের বেসরকারি ব্যবস্থাপনায় ৩টি প্যাকেজ ঘোষণা হাবের

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ১:১৫ অপরাহ্ন · নিজস্ব প্রতিবেদক

বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজের জন্য খাবার ও কোরবানি খরচসহ তিনটি আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

বুধবার (২২ জুলাই) সকালে রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব প্যাকেজ ঘোষণা করেন হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার।

ঘোষিত নতুন প্যাকেজসমূহ:

বিশেষ প্যাকেজ: ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা

সাধারণ প্যাকেজ: ৫ লাখ ৯৫ হাজার টাকা

সাশ্রয়ী প্যাকেজ: ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

গত বছরের (২০২৬ সাল) হজ প্যাকেজের তুলনায় এবার সবকটি ক্যাটাগরিতেই খরচ কিছুটা বেড়েছে। গত বছর বিশেষ প্যাকেজের খরচ ছিল ৭ লাখ ৫০ হাজার টাকা, সাধারণ প্যাকেজ ৫ লাখ ২৩ হাজার টাকা এবং সাশ্রয়ী প্যাকেজ ৫ লাখ ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল।

সে হিসাবে, এ বছর বিশেষ প্যাকেজের ব্যয় বেড়েছে ৪১ হাজার ৬০ টাকা, সাধারণ প্যাকেজের ব্যয় বেড়েছে ৭২ হাজার টাকা এবং সাশ্রয়ী প্যাকেজের ব্যয় বেড়েছে ৩ হাজার ৫৪৫ টাকা।

এর আগে, ২০২৭ সালের হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি পৃথক প্যাকেজ ঘোষণা করেছে সরকার।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) আনুষ্ঠানিকভাবে এই দুই হজ প্যাকেজ তুলে ধরেন। 

ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, এবার সাধারণ ও সাশ্রয়ী—এই দুই ক্যাটাগরিতে পবিত্র হজ পালনের সুযোগ পাবেন সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা।

ঘোষিত তথ্য অনুযায়ী, ২০২৭ সালের সরকারি হজ ব্যবস্থাপনায় ‘হজ প্যাকেজ-১’-এর জন্য সর্বমোট খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। অন্যদিকে, তুলনামূলক কম খরচে হজ পালনের সুযোগ রাখতে ঘোষণা করা হয়েছে ‘হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)’, যার খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।

হজ প্যাকেজ-১ এর বিস্তারিত সুযোগ-সুবিধা
প্রথম প্যাকেজটি তুলনামূলক উন্নত সুযোগ-সুবিধা ও হারামের কাছাকাছি আবাসনের প্রত্যাশীদের জন্য ডিজাইন করা হয়েছে। এ প্যাকেজের আওতায় যেসব সুযোগ-সুবিধা রাখা হয়েছে:

আবাসন ব্যবস্থা: মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর থেকে ১০০০ থেকে ১৪০০ মিটারের মধ্যে এবং মদিনায় মর্যাদাপূর্ণ মারকাজিয়া এলাকায় আবাসন সুবিধা প্রদান করা হবে।

মিনা ও আরাফায় অবস্থান: মিনায় জোন-২ এ তাঁবুর অবস্থান নির্ধারিত থাকবে। এছাড়া মিনা ও আরাফায় 'সার্ভিস প্যাকেজ-৩' ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক নিয়মিত খাবার সরবরাহ করা হবে।

অবস্থানকাল: সৌদি আরবে সার্বিক হজ পালন শেষে হজযাত্রীদের সাধারণত ৩৫ থেকে ৪০ দিন অবস্থান করতে হবে।

হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী) এর বিস্তারিত সুযোগ-সুবিধা
আর্থিকভাবে সাশ্রয়ী উপায়ে হজ পালনে ইচ্ছুক হাজিদের জন্য দ্বিতীয় প্যাকেজটি সাজানো হয়েছে। প্রথম প্যাকেজের তুলনায় এর খরচ কম হলেও প্রয়োজনীয় প্রায় সব সেবাই নিশ্চিত করা হয়েছে। এ প্যাকেজের উল্লেখযোগ্য দিকগুলো হলো:

খরচ: এই সাশ্রয়ী প্যাকেজের মোট খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।

আবাসন ব্যবস্থা: মক্কায় হোটেল হারাম শরীফের বহিঃচত্বর থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে মসজিদে নববী হতে ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা করা হবে।

যাতায়াত সুবিধা: হোটেলের অবস্থান হারাম শরীফ থেকে দুই কিলোমিটারের বেশি দূরে হওয়ায় সৌদি সরকারের বিধান অনুসারে যাতায়াতের জন্য বিশেষ সালাওয়াত বাসের ব্যবস্থা রাখা হয়েছে।

মিনা ও আরাফাস সেবা: মিনায় জোন-৫ এ তাঁবুর অবস্থান হবে এবং মোয়াল্লেমের মাধ্যমে মিনা-আরাফায় 'সার্ভিস প্যাকেজ-৩' ক্যাটাগরির সার্ভিসসহ খাবার সরবরাহ করা হবে।