Corporate Sangbad
জাতীয়

পরীক্ষার্থীদের আন্দোলনের আড়ালে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬, ২:৫০ অপরাহ্ন ·

চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে দেশের বিভিন্ন স্থানে পরীক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও সমাবেশের আড়ালে কিছু মহল ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করতে চাইছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে পুলিশের প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

পরীক্ষার্থীদের আন্দোলনের পেছনে অন্য কোনো গোষ্ঠীর সম্পৃক্ততা আছে কি না, এমন প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারকে বিব্রত করতে চায় এ রকম কিছু মহল তো আছেই। বিভিন্ন ইস্যুতে তারা নিজেদের পরিচয় গোপন করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়—সেটা দৃশ্যমান হয়েছে। যারা আন্দোলন করছে, তাদের মধ্যে অনেকেই দেখা গেছে আসলে ছাত্রই না, পরীক্ষার্থীই না।

তিনি বলেন, তারা তাদের দাবি সম্পর্কে শিক্ষামন্ত্রীকে জানিয়েছে, সরকারকে জানিয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তাদের অবস্থান পরিষ্কার করেছে যে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনও শিক্ষার্থী যদি পরীক্ষায় অংশগ্রহণ করতে ব্যর্থ হয়, তাদের আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, পদার্থবিজ্ঞানের দুটি প্রশ্ন ভুল হয়েছিল, সে জন্য শিক্ষা মন্ত্রণালয় একটি তদন্ত পরিচালনা করবে। দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেবে। তবে, ওই দুটি প্রশ্নের নম্বর যুক্ত করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। যারা পরীক্ষার্থী তারা সন্তুষ্ট। এরপরেও যদি কেউ তার পরের পরীক্ষায় অংশগ্রহণ না করে থাকে বা না করতে পারে, তাদের পরবর্তীতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা চলার সময় সুযোগ দেওয়া হবে। এখানে তো সমস্যার সমাধান হয়ে গেল।

তিনি আরও বলেন, একটা মন্তব্যের কারণে অনেকে দুঃখ পেয়েছেন, শিক্ষামন্ত্রী সংসদে তার বক্তৃতায় দুঃখ প্রকাশ করেছেন।

যারা সরকারকে বিব্রত করতে চাচ্ছে তাদের জন্য কী বার্তা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলো আমরা খুব একটা গুরুত্বের সঙ্গে নিচ্ছি না। আমরা দু-একটি জেলায় ও ঢাকায় দু-একটি স্পটে দেখেছি, তাদের সংখ্যা বেশি না, যারা এগুলো নিয়ে কথাবার্তা বলছে। হয়তো মিডিয়াতে এসেছে, এজন্য বিষয়টি গুরুত্বপূর্ণ হয়েছে। এগুলোতে আমরা মনোযোগ দিচ্ছি না।

অন্তর্বর্তী সরকারের সময়ে করা শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সে সময় সচিবালয়ে ঢুকে শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে পরীক্ষা স্থগিত করা, বিনা পরীক্ষায় পাশের মতো ঘটনা ঘটেছে। তখন বিষয়টি সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি।’ সেই প্রবণতার ধারাবাহিকতাই এখনো কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে।
 
তিনি বলেন, ‘আমরা নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে চাই। দেশের শিক্ষার মান নিচে নেমে গিয়েছিল। সেক্ষেত্রে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেয়া এবং শিক্ষার মান উন্নত করতে চাই।’

শিক্ষামন্ত্রীর একটি মন্তব্য নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভের প্রসঙ্গে মন্ত্রী বলেন, শিক্ষামন্ত্রী সংসদে এ বিষয়ে দুঃখপ্রকাশ করেছেন। এ নিয়ে আর বেশি কিছু বলার নেই।

শিক্ষার্থীদের এই আন্দোলনকে সরকার কীভাবে দেখছে? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলো আমরা খুব একটা গুরুত্বের সঙ্গে নিচ্ছি না। দুই-একটি জেলা এবং ঢাকার কয়েকটি স্পটে সীমিতসংখ্যক মানুষকে এ বিষয়ে কথা বলতে দেখা গেছে। মিডিয়ায় আসায় বিষয়টি বেশি আলোচনায় এসেছে।

আওয়ামী লীগ সরকারের সময় অটোপাস, অতিরিক্ত নম্বর দেওয়া এবং ঢালাওভাবে জিপিএ-৫ দেওয়ার সংস্কৃতির সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, এসবের কারণে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে।