ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) ১৪ জুলাই ‘অর্থ আইন ২০২৬’ শীর্ষক একটি অনলাইন সিপিডি আয়োজন করে। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল ‘অর্থ আইন ২০২৬’-এর সর্বশেষ বিধানসমূহ সম্পর্কে অবহিত করা এবং কর, ভ্যাট, শুল্ক ও কর্পোরেট কমপ্লায়েন্সের ওপর এর প্রভাব নিয়ে আলোচনা করা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিএসবি-এর সাবেক প্রেসিডেন্ট ও প্রফেশনাল ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সানাউল্লাহ এফসিএস। আইসিএসবি-এর প্রেসিডেন্ট হোসেন সাদাত এফসিএস অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরওয়ার আলম এফসিএস, হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ট্যাক্সেশন, ইস্মার্টু টেকনোলজি বিডি লিমিটেড।
হোসেন সাদাত এফসিএস দ্রুত পরিবর্তনশীল কর ব্যবস্থাপনা পরিবেশে সিপিডি-এর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, কার্যকর কমপ্লায়েন্স নিশ্চিত করা এবং যথাযথ সিদ্ধান্ত গ্রহণের জন্য পেশাজীবীদের সর্বশেষ আইনগত ও রাজস্ব সংক্রান্ত পরিবর্তনের সঙ্গে সবসময় হালনাগাদ থাকা অত্যন্ত প্রয়োজন।
মূল প্রবন্ধে সরওয়ার আলম এফসিএস অর্থ আইন ২০২৬-এর মাধ্যমে প্রবর্তিত গুরুত্বপূর্ণ সংশোধনীগুলোর ওপর একটি সমন্বিত পর্যালোচনা উপস্থাপন করেন। তিনি আয়কর, মূল্য সংযোজন কর (ভ্যাট), ট্যাক্স কমপ্লায়েন্স, কর প্রণোদনা এবং অন্যান্য নিয়ন্ত্রক পরিবর্তনসমূহ বিশদভাবে তুলে ধরেন। পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান ও পেশাজীবীদের ওপর নতুন বিধানসমূহের বাস্তবধর্মী প্রভাবও ব্যাখ্যা করেন।
খন্দকার আবু জাফর সাদিক এফসিএস, কোম্পানি সেক্রেটারী, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, কর-সংক্রান্ত দৃষ্টিকোণ থেকে অর্থ আইন ২০২৬-এর গুরুত্বপূর্ণ বিষয়সমূহ আলোচনা করেন। তিনি কর রেয়াত সুবিধা লাভের জন্য প্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন এবং নতুন অর্থ আইনের মাধ্যমে ডিজিটাল আর্থিক লেনদেন উৎসাহিত করতে সরকারের গৃহীত উদ্যোগের প্রশংসা করেন।
মো. শাহেদুল আমিন এফসিএস, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (অ্যাকাউন্টস, ভ্যাট অ্যান্ড ট্যাক্স), টি. কে. গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ভ্যাট ও শুল্ক বিষয়ে বক্তব্য প্রদানকালে শ্রম ও সেবার সংজ্ঞা, ভ্যাট নিবন্ধন পদ্ধতি, অব্যাহতি সুবিধা, ভ্যাট অনার কার্ড, বৈদেশিক চুক্তি, ফ্রি ট্রেড জোন এবং কাস্টমস এজেন্ট লাইসেন্সিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংশোধনী বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
আইসিএসবি-এর ট্যাক্সেশন অ্যান্ড ফিসক্যাল ল সাব-কমিটির চেয়ারম্যান মো. শফিকুল আলম এফসিএস ব্যক্তিগত আয়কর, কর রেয়াত, ত্রৈমাসিক রিটার্ন এবং মাসিক কর পরিশোধ-সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনসমূহ তুলে ধরেন। তিনি আরও জানান যে, সদস্যদের পেশাগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে আইসিএসবি নিয়মিত প্রাক-বাজেট ও বাজেট পরবর্তী আলোচনা সভার আয়োজন অব্যাহত রাখবে।
সমাপনী বক্তব্যে মোহাম্মদ সানাউল্লাহ এফসিএস কর্পোরেট কর ব্যবস্থা, বাধ্যতামূলক লভ্যাংশ, বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন), তামাকজাত পণ্যের কর, বিনিয়োগ কর রেয়াত এবং আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ পরিশোধের ক্রমবর্ধমান গুরুত্বসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি অর্থ আইন ২০২৬-এর পাঁচটি প্রধান বৈশিষ্ট্য পুনর্ব্যক্ত করেন, এগুলো হলো- অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, কর ব্যবস্থা সহজীকরণ, ডিজিটাল কর পরিশোধে উৎসাহ প্রদান, বিনিয়োগ ও উদ্ভাবনকে উৎসাহিত করা এবং ট্যাক্স কমপ্লায়েন্স আরও জোরদার করা।
অনুষ্ঠানে আইসিএসবি-এর সেক্রেটারী ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাব্বিরুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন। পরিশেষে আইসিএসবি-এর প্রফেশনাল ডেভেলপমেন্ট কমিটির কো-চেয়ারম্যান মোহাম্মদ এমারত হোসাইন এফসিএস ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইসিএসবি-এর প্রফেশনাল ডেভেলপমেন্ট কমিটির সদস্য মিস ইসরাত জাহান রিমি এফসিএস। পরিশেষে আইসিএসবি-এর সদস্যবৃন্দের সক্রিয় অংশগ্রহণে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।