Corporate Sangbad
সারাদেশ

রাতভর মুষলধারে বৃষ্টিতে ডুবল ঢাকা, সপ্তাহের শুরুতেই চরম ভোগান্তি

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন · নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকায় রাতভর মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। এতে সপ্তাহের প্রথম কার্যদিবসের সকালেই চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও সাধারণ মানুষ। ঝোড়ো হাওয়ায় বেশ কিছু এলাকায় গাছ ভেঙে পড়ে এবং প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় স্থবির হয়ে পড়েছে যান চলাচল।

শনিবার দিবাগত রাত থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টিতে সকাল হতেই ঢাকার ধানমন্ডি, মিরপুর, মৌচাক, মালিবাগ, কারওয়ান বাজার, মতিঝিল, পল্টন, বিজয় নগর, শান্তিনগর ও পুরান ঢাকার বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যায়। কোথাও কোথাও হাঁটু থেকে কোমর সমান পানি জমে যাওয়ায় সড়কের ওপরই বহু যানবাহন বিকল হয়ে পড়ে থাকে। এর সঙ্গে যুক্ত হয়েছে ঝোড়ো বাতাসে উপড়ে পড়া গাছের ডালপালা, যা যান চলাচলকে আরও বিঘ্নিত করছে।

গণপরিবহন সংকট ও অতিরিক্ত ভাড়া
আজ রোববার (১২ জুলাই) সকালের দিকে তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় দীর্ঘ সময় বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায় অফিসগামীদের। গণপরিবহন সংকটের এই সুযোগে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশাগুলো স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ-তিনগুণ অতিরিক্ত ভাড়া দাবি করছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। বাধ্য হয়ে অনেককেই পায়ে হেঁটে কিংবা অতিরিক্ত ভাড়া দিয়েই গন্তব্যে রওনা হতে দেখা গেছে।

নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
এদিকে আজ রোববার (১২ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এক সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে— রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সেই সঙ্গে এসব অঞ্চলের কোথাও কোথাও বজ্রসহ মুষলধারে বৃষ্টিপাত হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।