Corporate Sangbad
সারাদেশ

মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ১ জুলাই, ২০২৬, ৬:০৮ অপরাহ্ন · ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চমকফুল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। চলতি বছরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।

মৃত চমকফুল জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার গাজিরপাড়া এলাকার বাসিন্দা।

বুধবার (১ জুলাই) সকাল ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডাঃ মুহাম্মদ মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মৃত চমকফুল গত ২৭ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালের মেডিসিন ১১ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। পরে তাঁর অবস্থার অবনতি হলে ২৮ জুন হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত মধ্যরাতে তিনি মারা যায়।

হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতজন ভর্তি হয়েছেন। হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৩ জন। এদের মাঝে পুরুষ ৯ জন, নারী তিনজন, শিশু একজন। এদের মাঝে চিকিৎসাধীন একজন পালিয়ে গেছেন।

চলতি বছরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩৩ জন চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে চিকিৎসা নিয়ে ফিরে গেছেন ৫ জন।

আক্রান্তদের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রান্তরা অধিকাংশ ঢাকা থেকে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।