Corporate Sangbad
বিনোদন

৩ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন

প্রকাশিত: ১ জুলাই, ২০২৬, ৪:৩৫ অপরাহ্ন · বিনোদন ডেস্ক

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাহী কমিটি গঠনের নির্বাচন শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) অনুষ্ঠিত হবে।

সোমবার (২৯ জুন) শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর গণমাধ্যমকে বলেন, ‘সভায় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩ জুলাই এফডিসিতে শিল্পী সমিতির নতুন মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আশা করি সঠিক সময়ে নতুন মেয়াদের নির্বাচন সম্পন্ন হবে।’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনে একটি প্যানেল থেকে অংশ নিচ্ছেন ফাইটার ও প্রযোজক আরমান এবং সাধারণ সম্পাদক পদে লড়ছেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। অন্য পরিষদে সভাপতি পদে শিবা সানু ও সাধারণ সম্পাদক প্রার্থী জয় চৌধুরী।

আরমান-মুক্তি পরিষদে সহ-সভাপতি পদে লড়ছেন চিত্রনায়িকা নূতন ও খলনায়ক ইলিয়াছ কোবরা। সহ-সাধারণ সম্পাদক পদে রিনা খান, সাংগঠনিক সম্পাদক পদে চুন্নু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন খল অভিনেতা কামরুজ্জামান কমল প্রার্থী হয়েছেন।

এ প্যানেলের কার্যনির্বাহী সদস্য প্রার্থীরা হলেন- মানস বন্দ্যোপাধ্যায়, দুলারী, রাকা, শারমিন আক্তার, লতিফ (চিতা), নাসরিন, সুশান্ত, শাহীন কমেডি, বাদল শেখ, আরমান খান ও শামীম খান (চিকন আলী)।

শিবা সানু-জয় চৌধুরী পরিষদের সদস্যরা হলেন- সহ-সভাপতি ডি এ তায়েব ও রোজিনা। সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুশফিকুর রহমান কাকন, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর এবং কোষাধ্যক্ষ পদে লড়ছেন জাদু আজাদ প্রার্থী হয়েছেন।

এ প্যানেলের কার্যকরী পরিষদ সদস্য প্রার্থীরা হলেন- আলীরাজ, ফরহাদ, শিপন মিত্র, ফিরোজ শাহী, ইয়ামীন হক ববি, হাসান জাহাঙ্গীর, শিরিন শিলা, ফাল্গুনী রহমান জলি, কায়েশ আরজু ও কাবিলা।

কিবরিয়া লিপু ছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন খোরশেদ আলম খসরু ও বি এইচ নিশান।

গত ২৪ এপ্রিল মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল পরিষদের মেয়াদ শেষ হয়েছে।