Corporate Sangbad
আন্তর্জাতিক

কাতারে জব্দ থাকা ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ৭:২৯ অপরাহ্ন ·

কাতারে জব্দ থাকা ইরানের ৬০০ কোটি ডলারের সম্পদ শিগগিরই মুক্ত করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

সোমবার (২৯ জুন) কোম শহর সফরকালে গ্র্যান্ড আয়াতুল্লাহ শোবেইরি জানজানির সঙ্গে সাক্ষাতের সময় পেজেশকিয়ান এ ঘোষণা দেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার অংশ হিসেবে এই অর্থ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ অ্যাজেন্সি (ইরনা) জানায়, কাতারে থাকা মোট ১ হাজার ২০০ কোটি ডলারের ইরানি সম্পদের মধ্যে প্রথম ধাপে ৬০০ কোটি ডলার ছাড় করা হবে।

পেজেশকিয়ান বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী কাতারে থাকা ইরানের মোট সম্পদের একটি অংশ দেশে ফেরত আসবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় অনুসরণ কার্যক্রম চলছে।’

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা এগিয়ে নিতে এবং দেশের জনগণের কাছে অন্তর্বর্তী চুক্তিকে ইতিবাচকভাবে উপস্থাপন করতেই এমন ঘোষণা এসেছে। তবে এখন পর্যন্ত মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, ইরানের কোনো জব্দ সম্পদ ছাড় করা হয়নি। ফলে বিষয়টি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের অবস্থানে স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে।

কাতার দীর্ঘদিন ধরেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। সাম্প্রতিক সময়ে উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা ও হামলার ঘটনায় আলোচনার গতি কিছুটা শ্লথ হয়ে পড়লেও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

বিশ্লেষকদের ধারণা, এই অর্থ ছাড় হলে তা ইরানের অর্থনীতিতে কিছুটা স্বস্তি আনতে পারে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপের মধ্যেও তেহরানের জন্য গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা হিসেবে কাজ করবে। সূত্র: গালফ্ নিউজ